ছেলের সঙ্গে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ছায়াবীথি। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সাগর জাহান। পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। এতে অভিনয় করছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।হুমায়ূন আহমেদের ধারাবাহিকে এবারই প্রথম অভিনয় করছেন?এটি তো হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। তবে গত মাসে তাঁর নিজের লেখা একটি ধারাবাহিকে অভিনয় করে এলাম। নাম এই মেঘ রৌদ্রছায়ায়। পরিচালনা করেছেন শাওন। নাটকটির প্রথম ছয় পর্বের কাজ করেছিলাম ২০০৮ সালে। এবার কাজটা শেষ হলো। শাওনের পড়াশোনার ব্যস্ততার কারণে মাঝে কাজ হয়নি। ‘ছায়াবীথি’ নাটকে দেখছি আপনার স্ত্রীর সঙ্গে একটা টানাপোড়েন চলছে। সামনে এর পরিণতি কী হবে?এই নাটকে আমি খুব চুপচাপ। ইচ্ছা থাকলে কিংবা খুব প্রয়োজন হলেও অনেক কথা বলতে পারি না। এটা অনেকটা দারিদ্র্যের কারণে। এদিকে বিদেশ ফেরত এক বন্ধুর বড়লোকিপনায় আমার স্ত্রী মুগ্ধ হয়। সে ক্রমেই ওই বন্ধুর প্রতি ঝুঁকে পড়ে। আমার থেকে দূরে সরে যায়। শেষ পর্যন্ত দেখা যায়, সে শান্তির সন্ধান করছে। ছায়াবীথির নিচে আসতে চাইছে।এই নাটকে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?নাটকে আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছে মীর ফারসাদ। আমার ছেলে। ও যদি ভবিষ্যতে নাটকে অভিনয় করে, তাহলে এটা ওর জন্য খুবই উল্লেখযোগ্য ঘটনা। কারণ, প্রথম নাটকটিই হুমায়ূন আহমেদ ও হুমায়ুন ফরীদির। উপন্যাসটি হুমায়ূন আহমেদ স্যার উত্সর্গ করেছিলেন মাহফুজ আহমেদকে। কাহিনির প্রধান চরিত্রটির নামও মাহফুজ। স্যার নাকি চেয়েছিলেন চরিত্রটিতে যেন মাহফুজ আহমেদই অভিনয় করেন। কিন্তু চরিত্রটি এখন আমি করছি। আপনি তো নিজেও পরিচালনা করেন। তার কী খবর?কামরুল আহসানের লেখা একটা ধারাবাহিক পরিচালনা করছি। এখানে আমার গেটআপ একেবারেই অন্যরকম। নাম এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া সুমন আনোয়ারের সবুজ গ্রাম নীল ডিশ এন্টিনা ধারাবাহিকে আমার চুল কোঁকড়ানো আর গায়ের রং কুচকুচে কালো। হঠাত্ দেখে অনেকেই চিনতে পারবে না। এ ছাড়া জাহিদ হাসানের নতুন ধারাবাহিক হাতের রেখা কথা বলে করছি।