
ভাবা যায়, ঢাকার উৎসবে দেখানোর জন্য ১০৮টি দেশ থেকে জমা পড়েছিল আড়াই হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র! উৎসব শুরুর আগে দিনরাত খেটে সেগুলো থেকে নির্বাচন করা হয়েছে শ পাঁচেক ছবি। সেগুলোই দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত ছবির ১৪তম আন্তর্জাতিক আসরে।
গতকাল শনিবার বিকেলে শুরু হয়েছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার চত্বরে রঙিন বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জীবনীভিত্তিক একটি অডিও-ভিজ্যুয়াল দিয়ে উৎসব শুরু হয়। এই চলচ্চিত্রকারের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামে স্মারক সম্মাননা জানানো হয় চলচ্চিত্রকার আফজাল এইচ চৌধুরীকে। এরপর শুরু হয় উৎসবের ছবিগুলোর প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় দেখানো হয় রাশিয়ার ছবি আই ক্লোজ মাই আইস, যুক্তরাষ্ট্রের বব ডিলান হেটস মি, জার্মানির ইটারনিটি, ওল্ড ম্যান অ্যান্ড দ্য বার্ড ও কানাডার মাই এনিমি মাই ব্রাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সংস্কৃতির বিকাশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রশিল্পের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি।’ বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশটা ঘুরে দাঁড়াচ্ছে, আলোর দিকে যাত্রা করছে। চলচ্চিত্রকর্মীরা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেন না। তাঁদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্রকেও ঘুরে দাঁড়াতে হবে। সরকার সব সময় চলচ্চিত্রের সঙ্গে আছে।
উৎসব কমিটির চেয়ারম্যান নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ তাঁর বক্তব্যে স্বাধীন ও মুক্ত ছবি দেখানোর জন্য একটি মিলনায়তন চেয়েছেন। এ ছাড়া সারা দেশের শিল্পকলা একাডেমিতে সপ্তাহে একদিন স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানোর ব্যবস্থা করার প্রস্তাব করেন তিনি। তিনি বলেন, ‘টেলিভিশনগুলোতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানোর জন্য নির্দিষ্ট চাংক রাখা দরকার।’ সে সময় আরও উপস্থিত ছিলেন চীনা চলচ্চিত্রকার ও বেইজিং ফিল্ম একাডেমির শিক্ষক শি ফি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাকির হোসেন, উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন প্রমুখ।
আজ রোববার রাজধানীর ছয়টি মিলনায়তনে দেখানো হবে প্রায় ৭০টি চলচ্চিত্র। গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন ছাড়াও ছবিগুলো দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। এসব মিলনায়তনে বেলা ১১টা, বেলা ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রদর্শনী। উত্সবে অস্কার, কান, সানড্যান্স, টিফ, ওবারহাউসেন, বার্লিন, লোকার্নো, বুসানসহ আন্তর্জাতিক নানা উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেখানো হবে ঢাকায়।
এ ছাড়া ৬ ডিসেম্বর পর্যন্ত রাজশাহীর লালন মঞ্চ ও বড়কুঠি মঞ্চে দেখানো হবে বেশ কিছু ছবি। গতকাল সেখানকার উৎসব উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
মূল উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো এবারও প্রদর্শিত ছবিগুলোর ওপর চারটি বিভাগে থাকবে পুরস্কার।