
প্রদর্শনী দেখতে গিয়ে প্রথমে ধাক্কা খাবে দর্শক। প্রদর্শনীতে সাধারণত বড় ক্যানভাস কিংবা নানা মাধ্যমে তৈরি ভাস্কর্য দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু এখানে মিলল ব্যতিক্রম। এই প্রদর্শনীর সবগুলো ক্যানভাসই ৫ ইঞ্চি বা এর চেয়ে ছোট। ছোটর মধ্যে আবার অতি ছোটও আছে, যা দেখতে প্রয়োজন পরে আতশি কাচের। এই ছোট ক্যানভাসে শিল্পীরা কাজ করেছেন নিজের মতো নানা মাধ্যমে। এত ছোট পরিসরে পুরোদস্তুর একটি শিল্পকর্ম তৈরি কীভাবে সম্ভব হলো, সেটাই বিস্ময় জাগায়। ছোট শিল্পের বড় এই বিস্ময়জাগানিয়া প্রদর্শনী দেখা গেল রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস এবং ধানমন্ডির গ্যালারি চিত্রকে।
শুরুটা বেশ আগেই। ১৯৮৮ সালে যাত্রা শুরু করার পর, একই বছর আন্তর্জাতিক আয়োজন করে টোন আর্ট সোসাইটি অব বাংলাদেশ। এরপর ১৯৯০, ১৯৯২ ও ১৯৯৮ সালে আরও তিনটি আয়োজন করেছিল টোন সোসাইটি। এরপর একটা লম্বা বিরতি নিয়ে, এবারও বাংলাদেশে মিনিয়েচার আর্টের আন্তর্জাতিক আয়োজন করেছে তারা। একেবারেই বেসরকারি উদ্যোগ এটি।

কথা হলো টোন আর্ট সোসাইটির সভাপতি চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর সঙ্গে। গ্যালারি চিত্রকেই ছিলেন তিনি। জানালেন, ২৭ দেশের ৩২৫ জন শিল্পী এবারের এই আন্তর্জাতিক শিল্পকলা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর চিত্রকে ৩২৪টি ও অ্যাথেনা গ্যালারিতে প্রায় ৩৫০টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত হচ্ছে এবারের প্রদর্শনী। তিনি জানালেন, প্রথম দিন থেকে দারুণ সাড়া মিলেছে এই আয়োজনে। বড় পরিসরের এই আয়োজন প্রমাণ দিল ‘মিনিয়েচার আর্ট’-এর মতো একটু ভিন্ন ঘরানার শিল্পচর্চা হারিয়ে যায়নি এখনো। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সৃষ্ট মিনিয়েচার শিল্পকলার অতীত ইতিহাস পুনরুজ্জীবিত হবে। একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের শিল্পচর্চার না জানা গল্প।
প্রদর্শনীতে দেখা গেল শিল্পাচার্য জয়নুল আবেদিনের কাকের ওপর আঁকা চিত্রকর্ম। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে এ কিংবদন্তিকে।

এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে আবদুস বাসেত, মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, আবুল শাকুর শাহ, নাসরিন বেগম, আইভী জামান, কনক চাঁপা চাকমা প্রমুখের চিত্রকর্ম।
বাংলাদেশের সমকালীন শিল্পকলাচর্চার গুরুত্বপূর্ণ এই আয়োজনে অংশ নিয়েছেন ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, ভারত, স্পেন, নেপাল, নেদারল্যান্ডস, কাতার, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, যুক্তরাজ্য, কানাডা, সাইপ্রাস, সার্বিয়া, ইতালি, দক্ষিণ আফ্রিকা, লেবানন, সিঙ্গাপুর, চীন, হংকং, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, আর্মেনিয়া, ডেনমার্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের শিল্পীরা।
গ্যালারি চিত্রকে ৩০ নভেম্বর ও অ্যাথেনা গ্যালারিতে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখা যাবে।