ছোট থেকে বড়
ছোট থেকেই বড় হয় সবাই৷ অভিনয়শিল্পীরাও এর বাইরে নন৷ আজ আমরা এমন তিনজন অভিনয়শিল্পীর কথা বলব, যাঁরা ছোটবেলাও যেমন ছিলেন তারকা, বড় হয়েও তাঁরা তারকা৷ দিনে দিনে শুধু বেড়েছে তাঁদের তারকাখ্যাতি

শ্রীদেবী
চার বছর বয়স থেকেই শ্রীদেবী অভিনয় শুরু করেন। প্রথমটি তামিল ছবি। এরপর তামিল, কানাড়া, মালায়ালাম ও তেলেগু ছবিতে অভিনয় করতে থাকেন। বলিউডে অভিষেক হয় জুলি ছবির মাধ্যমে, শিশুশিল্পী হিসেবেই। এরপর একসময় বলিউডের সুপারস্টার। কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকার পর ইংলিশ ভিংলিশ ছবি দিয়ে ২০১২ সালে আবার ফিরেছেন বলিউডে।

হৃতিক রোশন
বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৮০ সালে৷ ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে আশা ছবিতে অভিনয়ের মাধ্যমে৷ তবে হৃতিক রোশন হিসেবে সবাই তাঁকে চিনেছেন ২০০০ সালে, কহো না পেয়ার হ্যায় ছবিতে৷ এই চলচ্চিত্রে অভিনয় করেই তিনি হয়ে যান জনপ্রিয় তারকাদের একজন৷ শুধু তা-ই নয়, হৃতিক রোশন এর পর থেকে কেবলই ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের৷

লিন্ডসে লোহান
হলিউডের তারকা লিন্ডসে লোহান দ্য প্যারেন্ট ট্র্যাপ-এ যমজ বোনের চরিত্রে অভিনয় করে সেই শৈশবেই জনপ্রিয় হন৷ ঘটনাটি ১৯৮৯ সালের৷ সব চলছিল ভালোই, কিন্তু ২০০৬ সাল থেকে লিন্ডসে লোহান ধারাবাহিকভাবে জড়িয়ে পড়েন অপরাধে৷ নেশা থেকে শুরু করে চুরি, মারামারি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, কিছুই বাদ যায়নি৷ বর্তমানে অপরাহ উইনফ্রের একটি রিয়েলিটি শো দিয়ে আবার ফেরার চেষ্টা করছেন তিনি৷ দেখা যাক, কী হয়!
গ্রন্থনা: ফারহানা হাসান