ছোট দৈর্ঘ্যে বড় হিরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ট-ম্যান ছবির পোস্টার
অ্যান্ট-ম্যান ছবির পোস্টার

সুপার হিরো শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশালদেহী সব নায়কদের কথা। যাঁদের দেখলেই মনে হয়, এই না হলে সুপার হিরো! তবে, সে দিন বোধ হয় এবার ফুরোল। কমিক বই বিষয়ে যাঁরা অল্প বিস্তর খোঁজ রাখেন, মারভেল কমিকসের নাম তাঁদের সবারই শোনা আছে। স্পাইডারম্যান, আয়রনম্যান বা এক্স-ম্যান—এসব জাঁদরেল সুপার হিরোদের জন্ম মারভেল কমিকস থেকে। তাঁদের সবাইকেই এর আগে দেখা গেছে বড় পর্দায়। এই তালিকায় এবার যোগ হলো আরেক সুপার হিরো অ্যান্ট-ম্যান। অনেক দিন অপেক্ষার পর ১৭ জুলাই রুপালি পর্দায় দেখা মিলেছে এই সুপার হিরোর!
স্ট্যানলি, ল্যারি লিবার আর জ্যাক কিরবির হাত ধরে ‘অ্যান্ট-ম্যান’ সিরিজের প্রথম কমিক বইটি প্রকাশ পায় ১৯৬২ সালে। মারভেলের অন্যান্য সুপার হিরো থেকে অ্যান্ট-ম্যান একেবারেই আলাদা। জন্ম থেকেই কোনো বিশেষ ক্ষমতা নেই তাঁর, আছে বিশেষ এক পোশাক। এই পোশাকও তাঁর নিজের না। পোশাকটি পরে বিশেষ ক্ষমতা নিয়ন্ত্রণ তাঁকে শিখতে হয়।
কী সেই ক্ষমতা? অ্যান্ট-ম্যান চাইলেই পিঁপড়ার মতো ছোট হতে পারেন। এই পোশাকের সঙ্গে রয়েছে একটি বিশেষ হেলমেট, যার সাহায্যে চাইলে পিঁপড়াদেরও নিয়ন্ত্রণ করা যায়।
স্কট ল্যাং একজন অপরাধী। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের মেয়ের দায়িত্ব এবং আরও কিছু কাজের জন্য তাঁর টাকার দরকার হয়। উপায় না পেয়ে শেষে স্কট তাঁর সাবেক সঙ্গী লুইসের সঙ্গে হাত মিলিয়ে এক ধনী লোকের বাড়িতে চুরির পরিকল্পনা করেন। পরে দেখা যায় পুরোটাই হচ্ছে বিজ্ঞানী হ্যাংক পাইমের চতুর পরিকল্পনার অংশ, যিনি স্কটকে তাঁর নতুন অ্যান্ট-ম্যান হিসেবে দায়িত্ব দিতে চান। হ্যাংক পাইম আর তাঁর মেয়ে হোপের তত্ত্বাবধানে শুরু হয় নতুন অ্যান্ট-ম্যান স্কট ল্যাংয়ের প্রশিক্ষণ। ছবিতে স্কট ল্যাং চরিত্রে অভিনয় করেছেন পল রুড, আর হ্যাংক পাইম চরিত্রটি করেছেন অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস।
কমিক বই অবলম্বনে অ্যান্ট-ম্যান তৈরির ভাবনা ছিল অনেক দিন আগে থেকেই, ২০০৬ থেকে পরিচালক পেটন রিড পুরোদমে ছবির কাজ শুরু করেন। চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন এডগার রাইট, জো করনিশ, অ্যাডাম ম্যাককে। চিত্রনাট্যের বাইরেও অভিনেতা পল রুড নিজে কিছু সংলাপ জুড়ে নিয়েছিলেন।
শুরুতে ভাবা হয় ছবিটি বানানো হবে প্রথম অ্যান্ট-ম্যান হ্যাংক পাইমকে নিয়ে। পরে তা পরিবর্তন করা হয়। স্কট ল্যাং চরিত্রের জন্য শুরুতে ভাবা হয়েছিল জোসেফ গর্ডন লেভিটকে। পরে পল রুডকে চরিত্রটি করার দায়িত্ব দেওয়া হয়। অভিনয় দিয়ে পল নিজেই প্রমাণ করেছেন, তিনিই এই চরিত্রের জন্য সেরা!
অ্যান্ট-ম্যান সম্ভবত মারভেলের সবচেয়ে ক্ষুদ্র সুপার হিরো, তবে এর আবেদন মোটেও ক্ষুদ্র নয়। অন্যান্য সুপার হিরো ছবির থেকে অ্যান্ট-ম্যান একদম আলাদা। বাড়াবাড়ি রক্তারক্তি নেই, কারণ ছাড়া মারপিট নেই; বরং আছে অসাধারণ অভিনয়, চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট এবং নিখুঁত একজন মজার, বুদ্ধিমান সুপার হিরো। সব মিলিয়ে অ্যান্ট-ম্যান একদম অন্য ধাঁচের। বেশির ভাগ সমালোচক তাই প্রশংসাই করেছেন অ্যান্ট-ম্যান ছবিটির।
বক্স অফিসেও ছবিটি ভালোই করছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় এখন পর্যন্ত শীর্ষে আছে ছবিটি। এ পর্যন্ত সারা বিশ্বে ছবিটির আয় প্রায় সাড়ে ১১ কোটি ডলার। আর অ্যান্ট-ম্যান ভক্তদের জন্য সুখবর হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে বড় পর্দায় খুব শিগগিরই আবারও দেখা যাবে অ্যান্ট-ম্যানকে।