ছোটকাকু এবার সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেট করে সিলেটে নাটকে অর্ষা ও সীমান্ত
লেট করে সিলেটে নাটকে অর্ষা ও সীমান্ত

রাজশাহী আর কক্সবাজারে অভিযানের পর ছোটকাকু এবার যাচ্ছেন সিলেটে। অনেক বছর আগে সিলেটের এক জমিদার তাঁর বাড়ির পাশের দিিঘতে ডুবে মারা যান। এরপর তাঁর পরিবারের সবাই লন্ডনে চলে যান। বংশপরম্পরায় বাড়িটি দেখাশোনা করে একটি পরিবার। ওই জমিদারের বংশধর একটি ছেলে এবার সিলেটে আসতে চায়। কিন্তু তাকে জানানো হয়, এটি একটি অভিশপ্ত বাড়ি, এখানে এলে বড় ধরনের ক্ষতি হবে তার। ছোটকাকুর শরণাপন্ন হয় ছেলেটি। রহস্য উন্মোচনে বের হন ছোটকাকু। এরপর ধীরে ধীরে রহস্যের জট খুলতে থাকে। বেরিয়ে আসে কিছু সত্য।
ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস লেট করে সিলেটে অবলম্বনে তৈরি হচ্ছে আট পর্বের ধারাবাহিক নাটক। উপন্যাসের নামেই নাটকটির নাম লেট করে সিলেটে । এখন ধারাবাহিকটির শুটিং হচ্ছে টাঙ্গাইলে পাকুটিয়া জমিদারবাড়িতে। ১৫ জুন থেকে শুটিং হবে সিলেটে।
ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। নাটকটিতে তিনি ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করছেন। বললেন, ‘এটি আর দশটা নাটকের মতো নয়। কাজটা আমরা করছি ছোটদের জন্য। ওরা অনেক সচেতন। ওরা অনেক পড়ে, অনেক জানে। এখানে গোঁজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। তাই একটু সময় নিয়ে, দেখেশুনে আমরা কাজটা করছি।’
কক্সবাজারে কাকাতুয়া ও রাজশাহীর রসগোল্লা ধারাবাহিকের মতো এবারও আফজাল হোসেনের সঙ্গে আছেন অর্ষা ও সীমান্ত।
এবার রোজার ঈদে ধারাবাহিকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে।