ছোটদের নাটকের বড় উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের ক্ষুদিরাম নাটকের একটি মুহূর্ত। আজ জাতীয় নাট্যশালায় ১৩তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নাটকটি। ছবি: প্রথম আলো
একাত্তরের ক্ষুদিরাম নাটকের একটি মুহূর্ত। আজ জাতীয় নাট্যশালায় ১৩তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নাটকটি। ছবি: প্রথম আলো

ফরিদপুরের কিশোর নাট্যকর্মী কনিকা দের গলা কাঁপছিল। আজ প্রথমবারের জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মঞ্চেও উঠবে ও। এখানে খেয়া সাংস্কৃতিক সংস্থার রূপবানের বয়স ১২ বছর নাটকের মূল চরিত্রে অভিনয় করবে মেয়েটি। তাই সে খুব আনন্দিত।
বৃহস্পতিবার বিকেলে প্রশ্নের উত্তর দেওয়ার সময় জড়িয়ে যাচ্ছিল রূপবানের কণ্ঠ, ‘এত বড় জায়গায় এবারই প্রথম অভিনয় করব। ভাবতেই কেমন যেন লাগছে!’ বুধবার মহড়া চলছিল। কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ পাকিস্তানি সেনা। কিন্তু কারও বয়স ১৪ পেরোয়নি। অথচ সংলাপ শুনে কিংবা শরীরের ভাষায় বয়স বোঝার উপায় নেই। সাবলীল অভিনয়। ক্ষুদিরাম চরিত্রে আলালের সংলাপটি মনে ধরে, ‘আমি ক্ষুদিরাম, এক মুঠি খুদ দিয়ে কেনা তোর ক্ষুদিরাম। ১৯০৮ থেকে ১৯৭১, আমি একাত্তরের ক্ষুদিরাম। গান ধর দিদি, তুই গান ধর, আমিও গাইব তোর সাথে!’ গত বুধবার মহড়ায় ব্যস্ত ছিল উত্তরার স্কলাস্টিকা স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কয়েকজন। মান্নান হীরার লেখা ও তৌফিকুল ইসলামের নির্দেশিত একাত্তরের ক্ষুদিরাম নাটকটি মঞ্চস্থ করবে ওরা। আজ জাতীয় নাট্যশালার মূল মঞ্চে দেখা যাবে নাটকটি।
বিকশিত শিশু, আলোকিত আগামী-এ স্লোগান নিয়ে আজ শুরু হচ্ছে ১৩তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১২ মে পর্যন্ত জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন হলে সাত দিনব্যাপী চলবে এ উৎসব। এতে অংশ নেবে সারা দেশের ৬৫টি শিশু-কিশোর নাট্যদল। আজ বিকেল পাঁচটায় জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী দিনে থাকছে নয়টি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে একাত্তরের ক্ষুদিরাম, পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার দল রংধনু পরিবেশন করবে নৃত্যনাট্য রংধনু হতে চাই। একই মিলনায়তনে সন্ধ্যা সোয়া সাতটায় ফরিদপুরের খেয়া সাংস্কৃতিক সংস্থা মঞ্চস্থ করবে রূপবানের বয়স ১২ বছর। আটটায় মুন্সিগঞ্জের হিরণ-কিরণ শিশু থিয়েটার মঞ্চস্থ করবে নক্তের বাসিন্দা। সাড়ে ছয়টা, সোয়া সাতটা ও আটটায় যথাক্রমে স্টুডিও থিয়েটারে ফরিদপুরের সন্ধান লিটল থিয়েটার মঞ্চস্থ করবে পাচার, ঢাকার দৌড় এবং শিশু নাট্যদল পরিবেশন করবে ছুটি। একই সময়ক্রমে সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে সিরাজগঞ্জের নাট্যনিকেতন মঞ্চস্থ করবে কালচক্র, ঢাকার ফতুল্লার শিশু-কিশোর নাট্যনিকেতন পুতুল নামের একটি মেয়ে এবং কাব্য বিলাস মঞ্চস্থ করবে ছ্যাঁচড়া চোর। শুরুতে থাকছে একক অভিনয়ের নাটক। উৎসবের আহ্বায়ক পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কৃষ্টি হেফাজ জানান, উৎসবে নাটক প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন নাটক শুরুর আগে সবগুলো মিলনায়তনে অংশগ্রহণকারী দলের শিল্পীরা একক অভিনয় পরিবেশন করবে। এ ছাড়া নাটক প্রদর্শনী শেষে প্রতিটি দলের একজন নির্বাচিত শিল্পীকে ‘মঞ্চকুড়ি পদক ২০১৬’ দেওয়া হবে। এ উৎসবকে ঘিরে শিল্পকলা একাডেমিতে বর্ণিল ব্যানার, ফেস্টুন, পোস্টার আর নানা অনুষঙ্গে সর্বত্র উৎসবের আমেজ।
পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী জানান, ২৬ বছর ধরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন শিশু-কিশোর ও যুব নাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। সারা দেশের ২৬২টি শিশু-কিশোর ও যুব নাট্য সংগঠন এ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। ১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে ইতিমধ্যে পাঁচটি যুব নাট্যোৎসব ও ১২টি শিশু-কিশোর নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করেছে। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিজুড়েই থাকছে শিশু-কিশোরদের নাটক।