ছোট্ট আলিনাকে হারালেন ন্যান্সি
দেশ-বিদেশে থাকা ন্যান্সির ভক্তরা চলতি মাসের ৪ তারিখে প্রথম আলোর মাধ্যমে তাঁর মা হওয়ার খবর জেনেছিলেন। ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে সেদিন কন্যাসন্তানের জন্ম দেন তিনি। জন্মের পাঁচ দিনের মাথায় ছোট্ট শিশু আলিনা জাফরিন অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পাঁচ দিনের আলিনাকে। ১২ দিন রোগভোগের পর আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ন্যান্সির মেয়ে আলিনা বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিল। আলিনার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন মনির হোসেন ও আবদুল আজিজ।
ন্যান্সি ও তাঁর স্বামী জায়েদ ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন। ঢাকা ছেড়ে যাওয়ার আগে তিনি সবার কাছে তাঁর ছোট্ট আলিনার জন্য দোয়া চেয়েছেন।
জানা গেছে, ময়মনসিংহ সদরের কাচারি জামে মসজিদে বাদ আছর আলিনার জানাজা অনুষ্ঠিত হবে।