
শিল্পকলা একাডেমীর সব দরজা বন্ধ। শুধু খোলা ছিল সংগীত ও নৃত্যকলা ভবনের দিকের গেটটা। সেটা দিয়ে ঢুকলে চোখে পড়ল কয়েকটি গাড়ি, কয়েকজন নারী বসে আছেন আরেকটু ভেতরে। একটা ওড়নায় সেলাইয়ের কাজ করছিলেন একজন। গতকাল বুধবার সকালে এই দৃশ্যগুলো বেয়ে সংগীত ও নৃত্যশালার মহড়াকক্ষ। ভেতরে বিকট আওয়াজ—যেন যুদ্ধের প্রস্তুতি চলছে। মহড়াকক্ষের কাঠের মেঝেতে যেন অনেকগুলো ঘোড়া দাপিয়ে বেড়াচ্ছে।
কী হচ্ছে সেখানে! নাচের কর্মশালা। ভারত থেকে এসেছেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সন্তোষ নায়ার। তিনিই শেখাচ্ছেন ময়ূরভঞ্জ ছৌ, শরীরের নাচের ভাষা রপ্তের নানা কৌশল। মেঝেতে বসে অনুশীলন দেখছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তাঁরই আমন্ত্রণে কর্মশালা করাতে এসেছেন সন্তোষ। বাংলাদেশে এবারই প্রথম এলেন তিনি।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বেশ প্রশংসা করলেন সন্তোষ নায়ার। বললেন, ‘বোঝার উপায় নেই যে, ওদের কে অনেক দিন ধরে নাচছে আর কে বা শুরু করেছে কেবল। নতুনেরা দ্রুত ধরে ফেলছে কৌশলগুলো।’ কর্মশালা শেষে মঙ্গলবার সন্ধ্যায় নৃত্যশালার মূল মঞ্চে নাচ করবে এরা। সেদিন সন্তোষের একক নৃত্য পরিবেশনাও দেখা যাবে।
কর্মশালায় অংশ নিয়েছেন বরিশালের শফিক, রাজশাহীর নবনীতা চক্রবর্তী এবং রুবাবা ইফফাত অর্চি। নিজেদের শহরে নাচ করেন তাঁরা। এক সপ্তাহের কর্মশালার শুরুর দিনটা দারুণ আনন্দের ছিল তাঁদের কাছে। একজন অংশগ্রহণকারীর দেখা মিলল, যিনি কিনা এসেছেন সুদূর নিউইয়র্ক থেকে।
শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানালেন, একসঙ্গে সবাইকে জায়গা দেওয়া যায়নি। এখন ৩০ জন অংশ নিচ্ছে। বাকিরা বিকেলে।
নাচের কর্মশালা নেচেই শেষ হয়েছে, তা নয়। নাচার জন্য শরীরের নানা কৌশল শিখিয়ে পরে একটু গল্পসল্পও করলেন সন্তোষ। সেসব গল্পও নাচের গুরুদের নিয়ে। তিনি বললেন, শরীরের ভাষা রপ্ত করা কিন্তু সহজ কাজ নয়। এর জন্য সময় ও নিষ্ঠার প্রয়োজন। নৃত্যগুরুদের প্রত্যেকেরই থাকে নিজেদের নৃত্যভঙ্গি। সেগুলো অনেকটা কাগজে করা শৈল্পিক স্বাক্ষরের মতো।
শিক্ষার্থীদের ভেতর থেকে একজন প্রশ্ন করলেন, সে সময়ের মুখাবয়বের অভিব্যক্তি কেমন রাখা উচিত? সন্তোষ বললেন, ‘মুখের অভিব্যক্তিটা তখন জরুরি নয়। সম্পূর্ণ মনোযোগ থাকবে শরীরে।’
একে একে আরও প্রশ্ন এল, উত্তরও দিলেন সন্তোষ।
কী শেখালেন তিনি? জানতে চাইলে সন্তোষ বলেন, ‘মূলত ছৌ। এ ছাড়া শিবা, কালিভাঙ্গাসও রয়েছে। সেগুলোর নতুন কিছু ধরনও দেখানো হচ্ছে।’
জানা গেল, এর বেশ কিছু তাঁর নিজের উদ্ভাবন।