ছোট থেকে বড় পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন সংগীতশিল্পী হব। আমার সেই স্বপ্ন এখন পূরণের পথে। “চ্যানেল আই ক্ষুদে গানরাজ” অনুষ্ঠানটি আমাকে প্ল্যাটফর্ম করে দিয়েছে। শ্রোতারা আমার গান শুনছেন, গানের প্রশংসা করছেন। তাঁদের ভালোবাসা নিয়ে এগোচ্ছি’—টানা বলছিল পড়শী। ২০০৮-এর ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’খ্যাত এই শিল্পী এখন ‘বড় গানরাজ’ হিসেবে এগিয়ে চলেছে।ইতিমধ্যে অনুরূপ আইচের লেখা, আরফিন রুমীর সুর-সংগীতে তার গাওয়া ‘তোমারই পরশ’, ‘খুঁজে খুঁজে’ এবং রবিউল ইসলামের লেখা ‘লজ্জা’ গানগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে পড়শীর গাওয়া ‘খুঁজে খুঁজে’ গানটির মিউজিক ভিডিও টেলিভিশন দর্শকের পছন্দের তালিকায় চলে এসেছে। এ ছাড়া আরফিন রুমীর অ্যালবামের তাঁরই সুর-সংগীতে জাহিদ আকবারের লেখা ‘প্রিয়তমা’ গানটিও জনপ্রিয় হয়েছে। এ নিয়ে কী বলে পড়শী? ‘হ্যাঁ, আমার একক অ্যালবাম পড়শী-১ ও পড়শী-২-এর এই গানগুলো শ্রোতারা খুবই পছন্দ করেছেন। যেখানেই যাই সবাই এই গানগুলোর কথা বলেন। মিউজিক ভিডিওটিও দর্শকেরা খুবই পছন্দ করেছেন। এ জন্য আমি খুশি।’সম্প্রতি শ্রীলঙ্কার জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক হিরানের সঙ্গে ‘কথা দাও’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছে সে। ‘গানটি শিগগিরই বাজারে আসবে। এটিই আবার সিংহলি ভাষায় দুজন গাইব।’ বলল পড়শী। এখন বয়স তার ১৪ বছর। এ বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। এত অল্প বয়সে সংগীতে নিজের এ অবস্থানকে কীভাবে উপভোগ করছ? প্রশ্ন করি। খানিক ভাবে পড়শী। এরপর বলে, ‘একেবারে ছোটবেলা থেকেই আজ অবধি গান নিয়েই আমার ধ্যান-জ্ঞান। টেলিভিশনে আমাকে দেখে অনেকেই ভাবেন, আমি হয়তো বেশ বড়, কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ি। কাছে এলে অনেকেই বলেন, “আরে, তুমি এত বাচ্চা, এত পিচ্চি...! এই বয়সে এত ভালো গান করো!” শুনে আমি উৎসাহিত হই।’ এ তো গেল অডিও অ্যালবামে কণ্ঠ দেওয়া-নেওয়ার কথা। নিজের বয়স ২০ না হলেও অন্যদিকে যে এই বয়সেই প্রায় ২০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ফেলেছে পড়শী! সব শিল্পীরই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার স্বপ্ন থাকে। পড়শী সেই স্বপ্ন দেখার আগেই যেন স্বপ্ন পূরণ করেছে। যেন মেঘ না চাইতেই জল! সংগীতভুবনে তার শুরুটাই চলচ্চিত্রের প্লেব্যাক দিয়ে।তা হলে শুরুটা কীভাবে? ‘সবে ক্ষুদে গানরাজ হিসেবে আমার আত্মপ্রকাশ হয়েছে। ওই সময়ই কুমার বিশ্বজিৎ চাচ্চু আমাকে চাচ্চু ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেন। এটা আমার জন্য বিরাট পাওয়া ছিল।’ বলল পড়শী।এরপর আর থামতে হয়নি। ছায়া-ছবি চলচ্চিত্রের মাহমুদ মানজুরের লেখা ‘পথ’, লালটিপ-এর ‘কোথাও ছিলে না তুমি’—এ রকম একাধিক গান আলোচনায় এসেছে। পড়শী বলল, ‘যেকোনো অনুষ্ঠানে গান গাইতে গেলে অন্য সব জনপ্রিয় গানের সঙ্গে চলচ্চিত্রের এসব গান গাইতে বেশি অনুরোধ আসে।’সম্প্রতি পড়শী রিদম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছে। মডেল হয়েছে একটি বিজ্ঞাপনচিত্রে। সে বলল, ‘নাটকে আমার চরিত্র ছিল একজন সংগীতশিল্পীর। ফলে কাজটি করতে তেমন কোনো সমস্যা হয়নি। আমার কো-আর্টিস্ট অপূর্ব ভাইয়া আমাকে খুবই সহযোগিতা করেছেন।’ আর বিজ্ঞাপন? কথার ফাঁকে প্রশ্ন করি তাকে। ‘ম্যাক্সসনি নামে একটি মোবাইল ফোন কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ার কারণেই বিজ্ঞাপনটি করতে হয়েছে। তবে এটি গতানুগতিক নয়, এখানে ভিন্নভাবে আমাকে দেখা যাবে।’জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট পড়শী গানের ভুবনে বড় হচ্ছে দিনে দিনে। কত বড় হবে সে? কথাটি শুনে আবারও হাসল। তারপর বড় মানুষের মতো বলল, ‘ধীরে ধীরে, গানে আমি অনেক বড় হতে চাই। সংগীতশিল্পী হিসেবেই বেঁচে থাকতে চাই আমি।’