ছোট পর্দার তারকাদের আবার ঈদের কাজের ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার ঈদের তিন দিন পর থেকেই কাজ শুরু করেছেন চঞ্চল চৌধুরী। দুই বেলা নয়, একই দিনে তিনজন নির্মাতার কাজ করছেন। বললেন, ‘রাত ১০টার পর কাজ করছি। কখনো রাত দুইটা পর্যন্ত কাজ করতে হয়। কী করব। সামনে যে কোরবানীর ঈদ।’ জানালেন, ঈদুল ফিতরের আগের দিনও শুটিং করেছেন। ঈদের তিন দিন পর সজল ছুটলেন আবার ক্যামেরার সামনে। ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন...’ নিয়েই আছেন তিনি। ২১ সেপ্টেম্বর রাত তিনটা পর্যন্ত কাজ করে পরদিন সকাল নয়টায় গেলেন আরেকটি নাটকের কাজ করতে। বললেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত শিডিউল দেওয়া হয়ে গেছে। সবই যে ঈদের কাজ। কাকে না বলব?’জাহিদ হাসান বললেন, ‘খালি কাজ আর কাজ। ধারাবাহিক নাটকগুলোর কাজ তো আছেই, এর মধ্যে আবার ঈদের কাজ। সকাল থেকে রাত পর্যন্ত কাজের মধ্যেই আছি।’বিয়ের পর মধুন্দ্রিমা কাটাতে বাইরে কোথাও যেতে পারেননি অপূর্ব। বললেন, ‘কীভাবে যাব? একটার পর একটা কাজ। কাউকে না বলতে পারি না। আসলে ঈদের কাজ বলে কথা।’ ছোট পর্দায় ঈদ আয়োজন থাকে পাঁচ থেকে সাত দিনের। দেশের ১১টি টিভি চ্যানেলের জন্য প্রায় ৩০০ নাটকের প্রয়োজন হয়। তাই নির্মাতারা প্রায় দুই মাস আগেই জনপ্রিয় তারকাদের শিডিউল নিয়ে রেখেছেন। জানা গেছে, গত ঈদের মতো এবারও বিটিভি ১০ দিনের আয়োজন করার পরিকল্পনা করেছে। দেশ টিভি ও বৈশাখী টিভি সাত দিনের অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি নতুন নতুন পরিকল্পনা করেছে। অন্যান্য টিভি চ্যানেলের কর্তৃপক্ষও ঈদের অনুষ্ঠানমালা চূড়ান্ত করছে। ফলে শিল্পীদের ব্যস্ততাও বেড়ে গেছে।তবে বিটিভির জন্য যাঁরা নাটক নির্মাণ করছে, তাঁদের আগেই নাটক জমা দিতে হবে। জানা গেছে, ২০ অক্টোবর তারিখের মধ্যেই বিটিভিতে নাটক জমা দেওয়ার সময় বেঁধে দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।