ছোট পর্দার বড় হাঁক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিগঙ্গনা সূর্যবংশী,স্মৃতি ইরানি,রোনিত রায়, িবাজি সাথম
দিগঙ্গনা সূর্যবংশী,স্মৃতি ইরানি,রোনিত রায়, িবাজি সাথম

বলিউডের বাজারে উত্থান-পতনের খেলা প্রায়ই দেখা যায়। কখনো বাজার মন্দার ছায়ায় ঢেকে যায়, কখনো আবার শত কোটি রুপির বন্যায় ভাসতে থাকে বলিউড। বড় পর্দা হওয়ার সুবাদে বরাবরই তারা গুরুত্ব পেয়ে থাকে খানিকটা বেশি। কিন্তু মজার খবর হলো, ভারতে চলচ্চিত্রশিল্পের চেয়ে এখন অনেক এগিয়ে আছে ছোট পর্দার দুনিয়াটা। এই দুটি মাধ্যমের মধ্যে ভারতের বার্ষিক আয়ের সিংহভাগই আসে টেলিভিশন থেকে। তাই টেলিভিশন-দুনিয়াকে ঘিরে ভারতীয় বণিকদের ভাবনার পরিধি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। ছোট পর্দার তারকারা দিন দিন জনপ্রিয়তার পাশাপাশি হয়ে উঠছেন পয়সাওয়ালা। শুধু অর্থকড়িই নয়, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি—সবদিক থেকেই তাঁরা হয়ে উঠছেন পরিপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে তাঁরা বলিউড তারকাদের পেছনে ফেলে দিচ্ছেন!
শুরুটা হয় দূরদর্শনের মহাভারত কিংবা রামায়ণ সিরিয়াল দিয়ে। তখন এতটা আগ্রাসীভাবে প্রভাব বিস্তার করত না ভারতীয় নাটকগুলো। আগ্রাসন শুরু হয় একতা কাপুরের বালাজি টেলিফিল্মস বাজারে আসার পর। পুরো ভোল পাল্টে যায় ভারতীয় নাটকের। ব্র্যান্ডিংয়ের ধারাকে তারা এমনভাবে উপস্থাপন করে যে তাতে শুধু চ্যানেলগুলোই লাভবান হয় না, একইভাবে লাভবান হন শিল্পীরাও। একেকজন শিল্পী হয়ে ওঠেন সিরিয়ালের ওই পরিবারের সদস্য। তাঁদের পোশাক, সাজ, অলংকার—সবকিছুর ট্রেন্ড ভূতের মতো চেপে বসে দর্শকদের মাথায়। এসব ডেইলি সোপের কল্যাণে শুধুই থিয়েটারে আটকে থাকা শিল্পীগুলো একসময় হয়ে ওঠেন টাকার কুমির। অনেকে তো সময়ের ব্যবধানে হয়ে যান ভারতের রাজ্যসভার সদস্যও, এই যেমন কিউকি সাস ভি কাভি বহু থির তুলসি ওরফে স্মৃতি ইরানি।
এখন ভারতের টেলিভিশন-দুনিয়া চলে শত কোটি রুপির ওপর দিয়ে। প্রাইম টাইম, অর্থাৎ যে সময়ে দর্শকের সংখ্যা বেশি থাকে, সে সময় চলা সিরিয়ালগুলোর একেক শিল্পীর আয় পর্বপ্রতি এক লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে! বিশ্বাস হচ্ছে না? সত্যিই তাই। সনি টিভির জনপ্রিয় টিভি সিরিজ আদালত-এর নাম নিশ্চয়ই জানা আছে অনেকের? সিরিজের প্রধান অভিনেতা রোনিত রায়, একসময় তাঁকে সবাই কিউকি সাস ভি কাভি বহু থির ‘মিহির’ কিংবা কসৌটি জিন্দেগি কির ‘মিস্টার বাজাজ’ নামেই জানত। হ্যাঁ, সেই অভিনেতাই এখন এক দিনের শুটিংয়ের জন্য পারিশ্রমিক নেন সোয়া লাখ রুপি। একই অবস্থা সম্প্রতি শেষ হওয়া ডেইলি সোপ বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এর ‘রাম কাপুর’-এর। তিনি এ নাটকের জন্য ১৫ দিন শুটিং করতেন। আর প্রতিদিন তাঁর আয় ছিল সোয়া লাখ রুপি!
১২ বছর ধরে একই সিরিয়ালের মুখ্য অভিনেতা হয়ে আছেন শিবাজি সাথম। তিনি খুব পরিচিত একজন। নাম শুনে নিশ্চয়ই চেনা যাচ্ছে না এই অভিনেতাকে? কী করে চেনা যাবে? তাঁর আসল নাম তো ঢাকা পড়েছে সিআইডির ‘এসিপি প্রদ্যুমন’ নামের আড়ালে। সনির এই সিরিয়ালে তিনি বিরতিহীনভাবে কাজ করে চলেছেন শুরু থেকে। তাঁর চরিত্রের জনপ্রিয়তা তাঁকে অর্থকড়ির হিসাবেও এগিয়ে নিয়ে গেছে অনেক। মাসে ১৫ দিন তিনি সিআইডি সিরিয়ালের কাজ করেন। এ সময় প্রতিদিন এ অভিনেতার পারিশ্রমিক ধরা হয় এক লাখ রুপি।

টিনা দত্ত
টিনা দত্ত

অভিনেতাদের হাঁকাহাঁকিতে পিছিয়ে নেই অভিনেত্রীরাও। বলিউডে যেমন খানদের প্রতাপে অনেকটাই ম্লান হয়ে থাকেন অভিনেত্রীরা, টিভিতে কিন্তু এমনটা হয় না। টিভিতে অভিনেত্রীদের চরিত্রের ব্যাপ্তি যেমন অভিনেতাদের চেয়ে বেশি হয়ে থাকে, তেমনই গড় হিসাবে বেশি তাঁদের পারিশ্রমিকও। কালারস চ্যানেলে লম্বা সময় ধরে চলছে উত্তরণ সিরিয়াল। সেখানে মূল চরিত্রে অভিনয় করছেন টিনা দত্ত। তাঁর প্রতিদিনের পারিশ্রমিক ৫৫ হাজার রুপি। মাসে ২৮ দিন তিনি কাজ করেন নাটকের জন্য। তাই হিসাব করলে অনেক অভিনেতার চেয়ে টিনার পারিশ্রমিক অনেক বেশি দাঁড়ায়।
তা ছাড়া অভিনেতাদের যেমন অনেক চড়াই-উতরাইয়ের পর আয়ের পরিমাণ বাড়ে, সেখানে অভিনেত্রীদের একটা সুবিধা আছে। স্টার প্লাসের ডেইলি সোপ ভিরা: এক ভির কি আদর্শর ‘ভিরা’ ওরফে দিগঙ্গনা সূর্যবংশীর বয়স ১৭ বছর। কিন্তু এরই মধ্যে তঁার খ্যাতি আকাশ ছুঁয়েছে। বলিউডে অভিনেত্রীদের ক্যারিয়ারের জীবনকাল হয় অনেক কম। ত্রিশের পর থেকে অভিনেত্রীদের চাহিদা এবং পারিশ্রমিক দুই-ই কমতে থাকে ধীরে ধীরে। কিন্তু ভারতের টেলিভিশনজগতের স্রোত অন্যদিকে ছোটে। এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তের নাম সাক্ষী তানওয়ার। কাহানি ঘর ঘর কি দিয়ে যাত্রা করা এ অভিনেত্রী এখনো জনপ্রিয়তার তালিকায় সবার শীর্ষে আছেন। মাসে তাঁর মোট আয় ১৮ লাখ ৭৫ হাজার রুপি। ২০১৩ সালে এ অভিনেত্রীর বার্ষিক আয় ছিল তিন কোটি ৪৫ হাজার রুপি।
টেলিভিশনজগতের তারকাদের ঘিরে এমন সাফল্যের গল্প অনেক। সাথ নিভানা সাথিয়ার ‘গোপি বহু’, দিয়া ঔর বতি হাম সিরিয়ালের ‘সন্ধ্যা’ কিংবা কুমকুক ভাগ্যর ‘প্রজ্ঞা’ এখন শুধু একেকটা স্ক্রিপ্টে বাঁধা চরিত্র নয়, এরা একেকটা ব্র্যান্ড। সেই সঙ্গে প্রতিটি ঘরের বিনোদনের মূল খোরাক।
সেঁজুতি শহীদ
মিড ডে, টাইমস অব ইন্ডিয়া, ইয়াহু ফিনান্স ইন্ডিয়া, দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে