ছোট পর্দার মৌসুমী এখন বড় পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ, ছবি: খালেদ সরকার
মৌসুমী হামিদ, ছবি: খালেদ সরকার

নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ছবিগুলো হলো ব্ল্যাকমেল, ব্ল্যাকমানি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২, মিশন ৬। আর এই ছবিগুলোতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মাত্র তিন মাস হলো। এই তালিকা দেখে যে কেউ বলবেন, ছোট পর্দার এই তারকা এখন বড় পর্দায় ব্যস্ত হয়ে পড়ছেন। বলছি ‘লাক্স তারকা’ মৌসুমী হামিদের কথা। তাঁর সঙ্গে আড্ডা হবে। ১৭ জানুয়ারি মুঠোফোনে যখন যোগাযোগ করা হলো, জানা গেল তিনি কাপ্তাইয়ে শুটিং করছেন। 
ঢাকায় ফিরে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মৌসুমী হামিদ। কাপ্তাইয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে রাস্তায় তাঁদের গাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়। সেই আতঙ্ক এখনো তাড়া করছে তাঁকে।

মৌসুমী হামিদ বললেন, ‘রাত তখন তিনটা। সীতাকুণ্ডের রাস্তা দিয়ে আমাদের গাড়িটি চলছে। গাড়িতে প্রায় সবাই তখন ঘুমাচ্ছেন। আমি মুঠোফোনে গেম খেলছি। হঠাৎ বিকট শব্দ। সবাই জেগে উঠে চিৎকার। দেখি জানালার নিচে গাড়ির গায়ে আগুন জ্বলছে। যদি বোমাটি জানালা দিয়ে ভেতরে পড়ত, তাহলে যে কী হতো, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই দৃশ্য মনে হলো রাতে এখনো ঘুম ভেঙে যায়। স্বাভাবিক হতে অনেক সময় লাগে।’
১৯ জানুয়ারি সন্ধ্যায় মৌসুমী হামিদ এলেন প্রথম আলো কার্যালয়ে। জানালেন, কাপ্তাইয়ে সাফি উদ্দীন সাফির ব্ল্যাকমানি ছবির শুটিং করেছেন। পুরো এক সপ্তাহ কাজ করেছেন। এরপর কাজ হবে ঢাকাতে।

চলচ্চিত্রে নিয়মিত কাজ করা প্রসঙ্গে মৌসুমী বললেন, ‘গত বছর মাঝামাঝি সময় থেকে বড় পর্দায় নিয়মিত কাজ করছি। ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করছি। ব্ল্যাকমেল, ব্ল্যাকমানি আর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ ছবিগুলোর শুটিং প্রায় শেষের পথে।’
এরই মধ্যে অনেক নির্মাতা মৌসুমীর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। নতুন নতুন ছবির প্রস্তাব নিয়ে আসছেন।
মৌসুমী বললেন, ‘সাবধানে পা ফেলছি। গল্প এবং আনুষঙ্গিক বিষয়গুলো খুব পছন্দ না হলে হাতে নিচ্ছি না।’
দুটি ছবির কথা আলাদা করে বললেন মৌসুমী, অনিমেষ আইচের না মানুষ আর আবু শাহেদের জালালের গল্প। না মানুষ ছবির শুটিং মাঝপথে থেমে আছে আর জালালের গল্প ছবিটি কোরিয়ার পুসান উৎসব আর ভারতের গোয়া উৎসবে দেখানো হয়েছে। এবার ছবিটি জয়পুর উৎসবে অংশ নেবে। মৌসুমী বললেন, ‘জালালের গল্প ছবিতে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছি।’

বড় পর্দায় কাজ করতে এসে প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে মৌসুমীর। বললেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি। ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করতে গেলে শিল্পীকে ছোট করে দেখা হয়। আমিও তা বেশ বুঝতে পারছি। কথা কিংবা আচরণ দিয়ে নয়, অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করছি।’
চলচ্চিত্রে এলেও ছোট পর্দাকে ভুলে যাননি মৌসুমী। বললেন, ‘আমার অভিনয়ের শুরুটা ছোট পর্দা থেকে। ছোট পর্দা আমার কাছে অভিনয় শেখার স্কুল। এখান থেকে অভিনয়ের অ আ ক খ শিখেছি। এখনো চলচ্চিত্রের কাজের ফাঁকে ছোট পর্দায় সময় দিচ্ছি।’
‘লাক্স তারকা’, কিন্তু বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে মনের মধ্যে ছিল অনীহা। বললেন, ‘এখন আর তা নেই। এরই মধ্যে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি।’

মৌসুমী ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেন ২০১০ সালে। চূড়ান্ত পর্বে বিচারকেরা তাঁকে জিজ্ঞাসা করেন, অভিনয়ে তাঁর আইকন কে। উত্তরে মৌসুমী বলেছিলেন, সুবর্ণা মুস্তাফা আর জয়া আহসান।’ এরপর পেরিয়ে গেছে ১০ বছর। এখন মৌসুমী বললেন, ‘আমি চাই, আমার পরের প্রজন্মের কেউ যেন একদিন সাক্ষাৎকার দিতে এসে আইকন হিসেবে আমার নাম বলে। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’