ছোট পর্দায় চম্পা ও আসাদ
পদ্মা নদীর মাঝি, লাল দরজা চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন চম্পা ও রাইসুল ইসলাম আসাদ। এরপর তাঁরা আরও কিছু ছবিতে অভিনয় করেছেন। এবার এই দুই গুণী অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে নাটকে। নোমান রবীন পরিচালিত এই নাটকের নাম আয়না দেখার বয়স। গতকাল বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। লিখেছেন ইমদাদুল হক মিলন। চম্পা যখন সন্তানসম্ভবা, তখন যুক্তরাষ্ট্রে চলে যান আসাদ। চম্পার মেয়ে বড় হয়। ১৮ বছর পর দেশে ফেরেন আসাদ। এদিকে বাবার বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে মেয়ে। মেয়ের কথামতো আসাদকে শাস্তি দিতে উদ্যত হয় চম্পা। এভাবেই নাটকের গল্প জানালেন পরিচালক। চম্পা বললেন, ‘আমি তো নাটকে বেশি কাজ করি না। এক বছর আগে আলভী আহমেদের নাটকের কাজ করেছিলাম, আবুল হায়াতের সঙ্গে। এরপর এই নাটকের গল্পটা শুনে পছন্দ হলো। আমি আর আসাদ ভাই একসঙ্গে অনেকগুলো ভালো কাজ করেছি। আশা করছি, এই কাজটাও ভালো হবে।’