ছোট পর্দায় শাবনূর
শাবনূর অভিনীত একটি ছবি এবার ঈদে মুক্তি পাচ্ছে। নাম জিদ্দি বউ। পরিচালক আবুল কালাম আজাদ। তবে বড় পর্দায় নয়, ছবিটি দেখানো হবে ছোট পর্দায়। চ্যানেল আইতে ঈদের দিন দুপুরে। ছোট পর্দায় ছবিটির প্রদর্শনীর কথা শুনে বিস্মিত হয়েছেন শাবনূর; বললেন, ‘ছবিটি কি সত্যিই ছোট পর্দায় মুক্তি পাচ্ছে? বড় পর্দায় মুক্তি পেলে ভালো লাগত।’ জিদ্দি বউ ছবিটি নিয়ে শাবনূর বলেন, ‘ছবিটির শুটিং করেছিলাম কয়েক বছর আগে। ছবিতে আমার সঙ্গে ছিলেন ফেরদৌস ও তাঁর ছোট ভাই তৌফিক। ফেরদৌস তো এমনিতেই ভালো অভিনয় করেন, আর তৌফিকের প্রথম দিকের ছবি হলেও সে কিন্তু অনেক ভালো কাজ করেছে। খুব ভালো একটি গল্প।’এদিকে কয়েক মাস অস্ট্রেলিয়ায় অবস্থানের পর গত সপ্তাহে দেশে ফিরেছেন শাবনূর; বললেন, ‘ঈদের পর নতুন করে ছবির কাজ শুরু করব।’শাবনূর জানালেন, তাঁর অভিনীত কয়েকটি ছবির কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলোর শুটিং শেষ করবেন এবার। শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম আত্মগোপন। মুক্তি পায় এ বছরের গোড়ার দিকে।