ছোট পর্দায় ২০১০
গত বছরের মতো এ বছরও বিটিভিসহ অন্য স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো সে অর্থে নতুন কিছু দেখাতে সক্ষম হয়নি। রাজনৈতিক অবস্থাসহ নানাবিধ কারণে চ্যানেলগুলোয় টক শোর মাত্রা ছিল এবারও বেশি। তবে এর বাইরেও ২০১০ সালে দেশীয় টিভি চ্যানেলগুলো নতুন কিছু চমক দেখানোর চেষ্টা করেছে। দর্শকদের রুচির কথা চিন্তা করে টিভি চ্যানেলগুলো চেষ্টা করেছে চাহিদামতো অনুষ্ঠান উপহার দেওয়ার। অনুষ্ঠান আয়োজনে চ্যানেলগুলোর মধ্যে প্রতিযোগিতার বিষয়টাও ছিল বেশ লক্ষণীয়। পুরোনো চ্যানেলগুলোর পাশাপাশি ২০১০ সালে নতুন কয়েকটি চ্যানেলের জন্ম হয়েছে। এগুলোর মধ্যে ২৪ ঘণ্টা খবর নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে এটিএন নিউজ। এসেছে মাই টিভি ও মোহনা টিভি। এ ছাড়া পরীক্ষামূলক সম্প্রচারে রয়েছে আরও দুটি স্যাটেলাইট চ্যানেল। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও চ্যানেল নাইন। এ ছাড়া নতুন নতুন অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে মাছরাঙা ও সময় টিভি। অন্য দিকে আইনি জটিলতায় পড়ে বন্ধ করে দিতে হয়েছে চ্যানেল ওয়ানের সম্প্রচার।এ ছাড়া তারকাদের বিয়ে, মৃত্যু ও সাংগঠনিক কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচিত ছিল টিভি মিডিয়া। এ বছরই বিয়ের পিঁড়িতে বসেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানু ও বাঁধন। বিবাহিত তারকাদের তালিকায় যুক্ত হয়েছে বন্যা মির্জা ও শ্রাবন্তীর নাম। এ বছরের আলোচিত বিয়ের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার বিয়ে ছিল অন্যতম। অন্যদিকে মডেল, অভিনেতা অপূর্বর সঙ্গে প্রভার বিয়ে এবং দেবাশীষ বিশ্বাসের সঙ্গে তানিয়া হোসাইনের বিয়ে নিয়ে আলোচনার জন্ম হয়। বিয়ের তালিকায় আরও আছেন অভিনেত্রী দিহান, মডেল ও অভিনেতা আলিফ, মডেল ও অভিনেত্রী নূপুর ও রথি কানিজের নাম উল্লেখযোগ্য।বিয়ে ছাড়াও এ বছর বেশ কজন তারকার ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে। এঁদের মধ্যে আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ, অভিনেত্রী রিচি সোলায়মান ও রুনা খান প্রমুখ।নাট্যাঙ্গনে এ বছর আমাদের মাঝ থেকে চলে গেছেন কজন গুণী অভিনয়শিল্পীও। এঁদের মধ্যে আছেন নাট্যকার সাঈদ আহমেদ, অভিনেতা চ্যালেঞ্জার, টিভি ও চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ ও সাইফুদ্দীন আহমেদ। এ ছাড়া আরও বেশ কজন অভিনয়শিল্পী অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন।বছরজুড়ে টিভি চ্যানেলগুলোর নানা আয়োজনের সংক্ষেপিত কিছু বিষয় নিচে তুলে ধরা হলো:বিটিভি: দেশের একমাত্র সরকারি টিভি চ্যানেল বিটিভি এখনো তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। এদের বেশির ভাগ আয়োজনই ছিল স্টুডিও-নির্ভর। নিজেদের তৈরি অনুষ্ঠানে খুব একটা নতুনত্ব না আনতে পারলেও প্যাকেজ অনুষ্ঠানগুলোয় দর্শকেরা কিছুটা হলেও আনন্দ লাভ করেছে। অন্যবারের মতো এবার বিটিভির সব অনুষ্ঠানের মধ্যে ম্যাগাজিন অনুষ্ঠান ছিল শীর্ষে। হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এ ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। এ বছরও ইত্যাদি দেশের বিখ্যাত কয়েকটি স্থানে বেশ কটি পর্বের দৃশ্যধারণের কাজ করে। অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোকে। এ ছাড়া টিভি নাটকের মধ্যে ‘ব্যান্ড মাস্টারের কোরবানি’, ‘বিশেষ দ্রষ্টব্য’, ‘তোমার জন্য উপহার’, ‘শালিকের ঘাড়ে রোঁ’, ‘সেই তো আবার’, ‘সময়ের গল্প’ ও ‘জাল’ ছিল উল্লেখযোগ্য।এটিএন বাংলা: ২০১০ সালে চমকপূর্ণ আয়োজনে পিছিয়ে ছিল না এটিএন বাংলাও। রিয়েলিটি শো ‘শাহ সিমেন্ট নির্মাণের তারকা’র মধ্য দিয়ে নির্মাণশ্রমিকদের থেকে তুলে এনেছে সুমনকে। এ বছরই ছোটদের অনুষ্ঠান ‘আমরাও পারি’ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। প্রতিযোগিতার বাজারে নিজেদের সেরা হিসেবে প্রমাণের জন্য দুই ঈদেই নানা আয়োজন নিয়ে হাজির হয়েছিল দর্শকদের সামনে। এ ছাড়া বছরব্যাপী তারা বেশ কয়েকটি ডেইলিসোপ দিয়ে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটিএন বাংলায় এ বছর শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’ এরই মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করে নেয়। নাটকটিতে আফসানা মিমির নির্মাণশৈলী বেশ প্রশংসিত হয়েছে। চলতি অন্য ধারাবাহিকগুলোর মধ্যে ‘বাতাসের ঘর’, ‘লীলাবতী’, ‘পথ জানা নাই’, ‘কাগজের ঘর’, ‘হাতের রেখা কথা বলে’, ‘মকবুল’, ‘নন্দিনী’ ও ‘আমাদের সংসার’ দর্শক ধরে রাখার চেষ্টায় আছে।চ্যানেল আই: ‘হূদয়ে বাংলাদেশ’ স্লোগান ধারণ করা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এ বছরই এক যুগ পার করেছে। ১ অক্টোবর চ্যানেলটির বর্ষপূর্তিতে সাত দিনব্যাপী ছিল নানা আয়োজন। বছরজুড়ে চ্যানেলটি রিয়েলিটি শো নিয়ে মুখর ছিল অনেক বেশি। এ ছাড়া বছরজুড়ে বিভিন্ন বিশেষ দিবসে চ্যানেল আইয়ের আয়োজন ছিল চোখে পড়ার মতো। গত বছরের মতো রবীন্দ্র মেলা, নজরুল মেলা, বিজয় মেলা, চলচ্চিত্র মেলা থেকে শুরু করে আরও নানা কিছুর আয়োজন ছিল এ বছরও। ‘রূপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামিলি’ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ হয় মোশাররফ করিমের। এ ছাড়া রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’, ‘ক্ষুদে গানরাজ’, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’, ‘ফ্যান ক্ল্যাব টুর্নামেন্ট’সহ আরও কয়েকটি অনুষ্ঠান নিয়ে সারা বছরই সরগরম ছিল চ্যানেল আই।একুশে টেলিভিশন: ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টিভির। শুরুর দিকে চ্যানেলটি অনেকের কাছে পরিবর্তনশীল মনে হলেও পরবর্তী সময় নতুন করে সম্প্রচারে আসার পর সেভাবে নিজেদের মুনশিয়ানা প্রমাণ করতে পারেনি তারা। তবে এ বছর তারা বিশেষ কিছু অনুষ্ঠান প্রচার করে পরিবর্তনের ইঙ্গিত দিতে চেয়েছে। একুশে টিভিতে ২০১০ সালে এক ঘণ্টা ব্যাপ্তির শতাধিক নাটক প্রচারিত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ইভেন্ট নিয়ে একুশে টিভি সারা বছর কম-বেশি ব্যস্ত ছিল। এগুলোর মধ্যে আছে ‘ঢাকা ফ্যাশন উইক ২০১০’, ‘বাটেক্সপো নাইট’, ‘বেবী নাজনীন লাইভ ইন ঢাকা’ ও ‘ইন্ডিয়ান আইডল নাইট’। ছিল বেশ কটি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটকও।এনটিভি: ২০১০ সালেই ‘রবিবারের নাটক’ শিরোনামের স্লটটি ছিল বেশ প্রশংসনীয় উদ্যোগ। বিজ্ঞাপনের যন্ত্রণায় যখন দর্শকেরা অতিষ্ঠ, ঠিক তখনই এ ধরনের উদ্যোগ কিছুটা হলেও স্বস্তিদায়ক বলে মনে করছেন অনেকেই। খ্যাতনামা নির্মাতাদের পাশাপাশি অনেক তরুণ নির্মাতার নাটক বেশ প্রশংসা পেয়েছে এই স্লটের মাধ্যমে। সুস্থ বিনোদন ও সঠিক তথ্য পরিবেশনের প্রক্রিয়াটা এবারও তারা অব্যাহত রাখার চেষ্টা করছে। এ ছাড়া নিয়মিত অনুষ্ঠানগুলো সারা বছরই ধরে রেখেছে কর্তৃপক্ষ। দেশ টিভি: এ বছরই দেশ টিভি তার পথচলার এক বছর পূর্ণ করে দুই বছরে পদার্পণ করে। এ উপলক্ষে গত ২৫-২৭ মার্চ আয়োজন করা হয় দেশ উত্সবের। দ্বিতীয় বছরই দেশ টিভির বিরতিহীন নাটক প্রচারের বিষয়টা প্রায় সব মহলে প্রশংসা কুড়ায়। বিশেষ বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান প্রচারের পাশাপাশি দুই ঈদে এ চ্যানেলটি আয়োজন করে সাত দিনের বিশেষ অনুষ্ঠান। বিষয়ভিত্তিক ঈদের অনুষ্ঠান করে দেশ টিভি ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া ঈদের অনুষ্ঠানের মধ্যে আলোচনায় আসে সাত নারী নির্মাতা এবং সাত তরুণ নির্মাতার নাটক। এ বছর দেশ টিভিও প্রায় শতাধিক একক নাটক প্রচারের পাশাপাশি প্রায় দেড় ডজন টেলিছবি প্রচার করে। দেশ উত্সব কনসার্ট, বিচ কনসার্টসহ বেশ কটি উল্লেখযোগ্য কনসার্ট সরাসরি সম্প্রচার হয় দেশ টিভিতে। এ ছাড়া টক শো ‘সোজা কথা’, ইরেশ যাকেরের উপস্থাপনায় ‘দেশ ই গল্প’, সুইটির উপস্থাপনায় ‘একই বৃন্তে’ এবং বিজরী বরকতউল্লার উপস্থাপনায় ‘যা কিছু প্রথম’ দর্শকপ্রিয়তা পায়। মীর রাব্বির উপস্থাপনায় নতুন শুরু হওয়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেলিব্রেটি শো ‘হঠাৎ একদিন’ এরই মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।আরটিভি: আরটিভি ২০১০ সালে নবীনদের নির্মিত বিভিন্ন নাটক, টেলিছবি ও অনুষ্ঠান বেশি প্রচার করেছে। ২০১০ সালে আরটিভিতে প্রচার হওয়া নাটকের মধ্যে রয়েছে ‘আলতা সুন্দরী’, ‘ডোরাকাটা’, ‘সে আমার একলা পাখি’, ‘তবুও বসন্ত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘মনকড়া’, ‘এফডিসি’, ‘ম্যানপাওয়ার’, ‘বীরমাতা’, ‘পড়শী বাড়ি’, ‘শিয়াল পণ্ডিত’, ও ‘ঢাকা টু লন্ডন’। আরটিভি ইন হাউস অনুষ্ঠানের মধ্যে ভিন্নতার ছোঁয়া রাখার চেষ্টা করেছে। কিছু কিছু অনুষ্ঠান সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দর্শকদের জন্য তৈরির চেষ্টাও ছিল চোখে পড়ার মতো। সাপ্তাহিক ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান ‘স্প্রিন্ট মোবাইল রকিং আওয়ার’ ছাড়াও সংগীত আয়োজনে নতুন সংযোজন ছিল নূরজাহান আরটিভি স্টুডিও কনসার্ট।বাংলাভিশন: প্রতিযোগিতার বাজারে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন ২০১০ সালেও দর্শকদের চাহিদা অনুযায়ী প্রখ্যাত লেখক ও নির্মাতাদের পাশাপাশি নবীনদের নির্মিত বিভিন্ন নাটক, টেলিফিল্ম ও অনুষ্ঠান প্রচার করেছে।সম্প্রতি শুরু হয়েছে আফসানা মিমির উপস্থাপনায় ভিন্নধর্মী টক শো ‘মনের কথা’। গানের শিল্পীদের অংশগ্রহণ ও উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘গান ও ফান’। এ ছাড়া পোশাকশ্রমিকদের নিয়ে শুরু হয়েছে গানের প্রতিযোগিতা ‘প্রিমিয়ার ব্যাংক-গর্ব’। ঈদ ও অন্যান্য সময় বাংলাভিশনে ছিল লাইভ মিউজিকের আয়োজন। এ ছাড়া বিভিন্ন দিবস নিয়ে নিয়মিত আয়োজন তো ছিলই।বৈশাখী টিভি: ‘মুক্তিযুদ্ধের চেতনায়’ স্লোগানে বৈশাখী টিভি তার পুরোনো লোগো পরিবর্তন করে নতুন লোগো উন্মোচন করে এ বছর। বছরের শুরুর দিকে যেমন ছিল নতুন আঙ্গিকে চলার চমক, তেমনই বছরের শেষ দিকে বলিউড কিং শাহরুখ খানের ঢাকা কনসার্টের লাইভ সম্প্রচার করে দেশে নিজেদের আলোচনার পাশাপাশি সমালোচনার কাতারেও দাঁড় করায়।নতুন লোগো, আধুনিক সব আয়োজন, আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নতুনরূপে এ বছর ২৮ জুলাই নতুন করে যাত্রা শুরু করে বৈশাখী টিভি। রবীন্দ্র-নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ-পূজাসহ বিভিন্ন দিবস উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানমালা তারা প্রচার করছে। দুই ঈদে অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা দর্শকদের উপহার দিয়েছে নতুনরূপে আসা বৈশাখী টিভি।