ছোট পর্দায় ‘দুই পুরুষ’ নিয়ে মৌসুমী ও রিয়াজ
ঈদের উৎসবে তারকাদের নতুন ছবি মুক্তি পাওয়া মানে তাঁদের জন্য সেটা অনেক আনন্দের। ঈদের আগে শোনা যাচ্ছিল, এবারের ঈদে অনেক বড় বড় তারকার ছবি মুক্তি পাবে না। কিন্তু শেষমেশ মৌসুমী ও রিয়াজের ছবি মুক্তি পেতে যাচ্ছে। বড় পর্দায় না হলেও ছোট পর্দায় ঈদ উপলক্ষে মৌসুমী-রিয়াজ অভিনীত নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম দুই পুরুষ। এটি নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। এটিএন বাংলা ঈদ আয়োজনের অনুষ্ঠানে ছবিটি প্রদর্শন করবে। দুই পুরুষ ছবিটি দুই সময়ের মানুষ নিয়ে নির্মাণ করা হয়েছে। নির্মাতা চাষী নজরুল ইসলাম বলেন, ‘এখন তো আসলে ভালো গল্পের দিকে আমরা বেশি জোর দিতে পারি না। আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। তার পরও আমি গল্পনির্ভর একটি ছবি নির্মাণ করেছি। এখানে মৌসুমী ও রিয়াজকে নিয়ে এসেছি দুই প্রজন্মের মানুষ হিসেবে। প্রথম দিকে সন্দেহ হয়েছিল যে ব্যাপারটা ভালো হবে কি না। কিন্তু ছবি নির্মাণের পরে দেখলাম, গতানুগতিকতার বাইরে এসে যে কাজটা করেছি—এ জন্যই দর্শকেরা ছবিটি পছন্দ করবে।’ বেশ খুশি মৌসুমী নিজেও। বললেন, ‘কাজটা করে খুব ভালো লেগেছে। এখানে গতানুগতিক কোনো প্রেম নেই। এখানে রিয়াজ ও আমার চরিত্র দুই প্রজন্মের। পরিবার, সংসার—এর যে মায়া, এর মধ্যে যে অভিমান, রাগ—এসবই ফুটে উঠেছে ছবিতে। ঈদের উৎসবে ছবিটি মুক্তি পাচ্ছে—এটা আমার জন্য আরও বেশি আনন্দের।’রিয়াজ ব্যবসা-বাণিজ্য নিয়েই বেশি ব্যস্ত। ঈদে ছবি মুক্তির বিষয়ে রিয়াজও বেশ আনন্দিত। ‘ভালো লাগছে যে একটি ভালো গল্পের ছবি মুক্তি পেতে যাচ্ছে। ঈদের উৎসবে পরিবারের সবাই মিলে ছবিটি টিভির পর্দায় দেখতে পারবেন। আমি নিজেও দেখব।’