ছোট বোনকে সালমানের হীরার ব্রেসলেট উপহার

কাছের ও পছন্দের মানুষদের দামি নানা উপহার দেওয়ার বাতিক আছে বলিউডের অভিনেতা সালমান খানের। ছোট বোন আলভিরা অগ্নিহোত্রীকে সম্প্রতি একটি দামি ব্রেসলেট উপহার দিয়েছেন এই ‘দাবাং’ তারকা। ঈদ ও দিওয়ালি উত্সবের উপহার হিসেবে সম্প্রতি আলভিরাকে সোয়া কোটি রুপি দামের হীরার ব্রেসলেট বানিয়ে দিয়েছেন সালমান।
অনেক দিন থেকেই আলভিরাকে কোনো উপহার দেওয়া হয়নি সালমানের। তাই ছোট বোনকে এমন বিশেষ কিছু তিনি উপহার দেওয়ার পরিকল্পনা করেন, যা আলভিরার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
অনেক ভেবেচিন্তে আলভিরাকে বিশেষভাবে নকশা করা হীরার ব্রেসলেট উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন সালমান। সেটি বানানোর দায়িত্ব তিনি দেন তাঁর ব্যবস্থাপক রেশমা শেঠির এক বন্ধুকে। রেশমার ওই বন্ধু পেশায় গয়নার কারিগর। সালমান তাঁকে ব্রেসলেটটি এমনভাবে নকশা করতে বলেন যা সচরাচর দেখা যায়নি, ভবিষ্যতেও দেখা যাবে না।
একটা সময়ে বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান। অভিসারের সেই দিনগুলোতে তিনি মাঝেমধ্যেই ক্যাটরিনাকে দামি সব উপহার কিনে দিতেন। এমনকি একবার ক্যাটরিনার জন্মদিনে তাঁকে কালো রঙের বিলাসবহুল এসইউভি গাড়িও উপহার দিয়েছিলেন সালমান।