ছোটকাগজ ‘চিহ্ন’র যুগপূর্তি উৎসব
‘এসো লিখিয়েসব লেখায় লেখায় ভাঙি মগজের কারফিউ’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ছোটকাগজের মেলা ও উৎসব। বিশ্ববিদ্যালয়ের ছোটকাগজ চিহ্নর যুগপূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। সারা দেশের প্রায় অর্ধশত ছোটকাগজ অংশ নিচ্ছে এ মেলায়।গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে সম্মিলিতভাবে এ মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, জুলফিকার মতিন, শফিকুন্নবী সামাদী, চিহ্নর প্রধান সম্পাদক শহীদ ইকবাল ও নির্বাহী সম্পাদক রহমান রাজু। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষক-শিক্ষার্থী ও কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।বিকেলে মেলা চত্বরের নির্ধারিত মঞ্চে অনুষ্ঠিত হয় লেখক-পাঠক-সম্পাদকদের জমজমাট আড্ডা। সন্ধ্যায় বংশীবাদক হাসন রাজা সেখানে বাঁশি বাজিয়ে সবাইকে বিমোহিত করেন। পরে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস ফোক থিয়েটার ছোটকাগজবিষয়ক গম্ভীরা পরিবেশন করে।আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এই মেলার আজ শেষ দিনের সকালে রয়েছে ‘আজকের সাহিত্য: সংকট ও উত্তরণ’ শীর্ষক সেমিনার। সভাপতিত্ব করবেন জুলফিকার মতিন। আলোচনা করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আসাদ চৌধুরী, হরিপদ দত্ত, আনোয়ারা সৈয়দ হক, হরিশংকর জলদাস, হোসেন উদ্দীন হোসেন, সরোজ দেব প্রমুখ। বিকেলে আছে কবি-কথাশিল্পী-পাঠক-সম্পাদকের মুক্ত আড্ডা। বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে চিহ্ন সম্মাননা পর্ব। বাংলাদেশের সাতটি বিভাগের সাতটি ছোটকাগজকে এবং সৃজনশীল ও মননশীল শাখায় একটি করে সম্মাননা দেওয়া হবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান ও সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ। সন্ধ্যায় লোকসংগীতানুষ্ঠান।