ছোটদের জন্য পাঁচটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের শিশু-কিশোরেরা যে পাঠ্যবই হাতে পায়, সে পাঠ্যবইয়ের কাগজ, ছাপা, ছবি ও বাঁধাই এমন মানের যে সে বই পড়ার জন্য তাদের কোনো রকম আগ্রহ সৃষ্টি হয় না। বলতেই হবে চন্দ্রাবতী একাডেমি যে ধরনের বই প্রকাশ করছে, তা শিশু-কিশোরদের বই পড়তে আকৃষ্ট করবে, উৎসাহিত করবে, প্রেরণা দেবে।’
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত ‘ছোটদের আনন্দ বার্ষিকীর প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এবারের চন্দ্রাবতী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এঁরা হলেন হালিমা খাতুন, হায়াৎ মামুদ এবং আলী ইমাম। আগামী অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
চতুর্থবারের মতো চন্দ্রাবতী একাডেমি প্রকাশ করেছে ছোটদের আনন্দ বার্ষিকী। এবি ব্যাংকের সহায়তায় এবার এটি প্রকাশিত হয়েছে পাঁচ খণ্ডে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী। সংকলন পরিষদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও চন্দ্রাবতী একাডেমির উপদেষ্টা মাহফুজুর রহমান। বক্তব্য দেন শিল্পী রফিকুন নবী ও হাশেম খান। শিশুসাহিত্যিক আলী ইমামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান খন্দকার। পাঁচটি সংকলন সম্পাদনা করেছেন রহীম শাহ, সাজ্জাদ আরেফিন, সুবল কুমার বণিক, আনোয়ারুল ইসলাম এবং যাযাবর মিন্টু।