ছোটদের জন্য বাংলা অ্যানিমেটেড ছবি
জমিদারের এক পেয়াদার মেয়ের বিয়ে হবে। আর এই বিয়ের খবর পৌঁছে গেছে ডাকাতদের কাছে। সুলতান ডাকাত ঘোষণা দিয়েছে, সে বিয়েবাড়িতে ডাকাতি করবে। ভয় পেয়ে যায় সবাই। এগিয়ে এলেন জমিদার নিজেই। তিনি পেয়াদাকে সাহস জোগালেন। ডাকাতদের হাত থেকে রক্ষা করলেন সবাইকে। এমনই গল্প নিয়ে ছোটদের জন্য বাংলা কার্টুন অ্যানিমেটেড ছবি তৈরি করছে কার্টুন বাংলাদেশ। নাম সুলতান ডাকাতের কাহিনি। আর গল্পটি নেওয়া হয়েছে সলিল লাহিড়ীর লেখা থেকে। কার্টুন বাংলাদেশ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. সোলায়মান জানান, এই কার্টুন অ্যানিমেশন ছবি তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। আর এটি তৈরি হচ্ছে ঈদের জন্য। ছবিটি তৈরির জন্য তাঁদের মাস দেড়েক সময় লাগছে। তিনি বলেন, ‘বছর দুয়েক আগে আমাদের এই প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। এত দিন আমরা ওয়েব অ্যানিমেশন তৈরি করেছি এবং কার্টুন অ্যানিমেশনের ওপর বিভিন্ন কর্মশালা করিয়েছি। তবে এবারই প্রথম নিজেরা কার্টুন অ্যানিমেটেড ছবি তৈরি করছি।’তিনি আরও বলেন, ‘ছবিতে বিনোদনের পাশাপাশি বাংলার গৌরবজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আর ছবিটি তৈরিতে অ্যানিমেশনের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।’