ছোটদের জন্য 'ম্যাজিক কিডস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাজিক কিডস বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য টিভি চ্যানেল। আগামী প্রজন্মের মানসিক বিকাশে ভূমিকা রাখবে চ্যানেলটি, সেভাবেই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আমার স্লোগান—“একটি বুদ্ধিদীপ্ত আগামী প্রজন্ম”।’ বললেন ম্যাজিক কিডস টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল কবির।
এ বছরের মাঝামাঝি সময় নিয়মিত সম্প্রচার শুরু করবে এই টিভি চ্যানেলটি। এখন চলছে অনুষ্ঠান তৈরির পরিকল্পনা, অনুষ্ঠান তৈরি এবং আনুষঙ্গিক কাজ।
ফজলুল কবির জানান, মূলত এই টিভির দর্শক এক থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরেরা। তবে থাকবে বড়দের জন্য, এমনকি শিশুদের অভিভাবকদের জন্যও অনুষ্ঠান। অন্য টিভি চ্যানেলগুলোতে যেভাবে গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করা হয়, ম্যাজিক কিডস চ্যানেলে সেভাবে হবে না। সবার স্কুল আর পড়াশোনার সময়ের কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করা হচ্ছে, অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হচ্ছে।
এরই মধ্যে বিভিন্ন জনপ্রিয় কার্টুন সিরিজ ও বিদেশি ড্রামা সিরিজ বাংলায় রূপান্তর করা হচ্ছে। দেশের জনপ্রিয় পরিচালকদের দিয়ে তৈরি করা হচ্ছে নাটক, নানা ধরনের অনুষ্ঠান।