ছোটপর্দায় ব্যস্ত নায়ক রিয়াজ

বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক রিয়াজ এখন ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত। মাঝে অনেকটা সময় সব ধরনের শুটিং থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। দেড় বছর বিরতির পর গত মার্চ মাসে মোহন খানের নাটক ও টেলিছবিতে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন রিয়াজ। এরপর পয়লা বৈশাখ উপলক্ষে সকাল আহমেদ ও সুমন ধরের পরিচালনায় দুটি নাটকেও কাজ করেন। বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সিলেটের শ্রীমঙ্গলে সুমন আনোয়ারের পরিচালনায় ‘ছায়া বৃক্ষের রাজকন্যা’ টেলিছবির শুটিং শেষ করেছেন। এতে রিয়াজের দুই সহ-অভিনেত্রী তিশা ও আয়শা মনিকা।
বছর দেড়েক আগে ‘প্রোজেক্ট ট্রাফিক জ্যাম’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করার পর অভিনয় জগত্ থেকে দূরে চলে যান রিয়াজ। পরে অভিনয়ে ফিরে রিয়াজ বলেন, ‘পানি ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, তেমনি একজন অভিনয়শিল্পীও অভিনয় ছেড়ে দীর্ঘদিন থাকতে পারে না। বিরতির মধ্যে তা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। দেশে আর দেশের বাইরে যত মানুষ আমাকে চেনেন, তা অভিনয়ের কারণে। অভিনয় থেকে দূরে থাকার কারণে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিই। ইদানীং নাটক আর টেলিছবির গল্প পছন্দ হচ্ছে। তাই অভিনয় করে যাচ্ছি।’
রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এরপর নতুন কোনো ছবিতে অভিনয়ের ব্যাপারে কোনো কথাবার্তা চূড়ান্ত হয়নি। নতুন করে ছবিতে ফেরা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির ছবির নামে এখন অনেক কিছুই হচ্ছে। এসব ছবির সঙ্গে নিজেকে যুক্ত করার কোনো ইচ্ছে নেই। তবে ভালো গল্প আর ভালো নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেলে অবশ্যই করব।’
চলচ্চিত্র প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘চলচ্চিত্রের মধ্য দিয়ে দেশের মানুষকে বিভিন্ন বিষয়ে ইতিবাচক দিক-নির্দেশনা দেওয়া সম্ভব। চলচ্চিত্র কিন্তু শুধু বিনোদনের মাধ্যম নয়, পাশাপাশি তা মানুষের চিন্তা-ভাবনারও খোরাক জোগায়। এই মাধ্যমকে আমরা ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি।’
একটা সময়ে যে রিয়াজ বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সেই রিয়াজ এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম, দ্য আল্টিম্যাট ম্যান’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ তারকা অভিনেতা।