ছোটপর্দায় সানি লিওন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী ও সানি লিওন
সৌরভ গাঙ্গুলী ও সানি লিওন

ভারতের নাচবিষয়ক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’র ষষ্ঠ মৌসুমে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন ‘জিসম ২’ তারকা সানি লিওন। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও এ প্রস্তাব পেয়েছেন। অবশ্য সৌরভ এ অনুষ্ঠানে অংশ নিতে সম্মত হবেন কি না, তা জানা যায়নি।
টিভি রিয়েলিটি শো দিয়েই ভারতীয় বিনোদনমাধ্যমে যাত্রা শুরু করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল ও অভিনেত্রী সানি লিওন। ২০১১ সালে ‘বিগ বস ৫’ রিয়েলিটি শোতে তাঁকে দেখার পর ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন ছবির চিত্রনাট্যকার মহেশ ভাট। পূজা ভাট পরিচালিত ছবিটি মুক্তি পায় পরের বছরের আগস্টে।
এদিকে, ‘জিসম ২’ বক্স অফিসে সাফল্যের মুখ দেখায় সানি লিওনকে নিয়ে কাজের আগ্রহ প্রকাশ করেন বলিউডের একাধিক নির্মাতা। বলিউডে নিয়মিত অভিনয় করার জন্য স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সানি। তাঁর অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ ও ‘জ্যাকপট’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘জ্যাকপট’ ছবির মাধ্যমে একসঙ্গে পর্দায় হাজির হবেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির ‘লায়লা’ আইটেম গানে অংশ নিয়েও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন সানি।
ছোটপর্দা দিয়ে ভারতীয় বিনোদনজগতে যাত্রা শুরু হলেও বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ততার কারণে টিভি অনুষ্ঠানে আর সময় দিতে পারেননি সানি। এবার সানিকে ছোটপর্দায় ফেরার সুযোগ করে দিল ‘নাচ বালিয়ে ৬’। এ প্রসঙ্গে অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘সানি লিওনকে অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। অবশ্য তিনি এই নাচের অনুষ্ঠানে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তিনি জানাননি।’

সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীরও টিভি রিয়েলিটি শো করার অভিজ্ঞতা আছে। জি বাংলার জনপ্রিয় কুইজ বিষয়ক রিয়েলিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড’ উপস্থাপনা করেছিলেন তিনি; এবার ‘নাচ বালিয়ে ৬’ অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব পেলেন। প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে আবার টিভি রিয়েলিটি শোতে সৌরভকে দেখার সুযোগ পাবে দর্শক।

ছোটপর্দার জনপ্রিয় তারকাযুগলদের অংশগ্রহণে ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। এই অনুষ্ঠানের বিভিন্ন মৌসুমে উল্লেখযোগ্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন অর্চনা পূরণ সিং ও তাঁর স্বামী পারমিত শেঠি, রোহিত রায় ও তাঁর স্ত্রী মানসী রায়, শোয়েতা তিওয়ারি ও তাঁর সাবেক স্বামী রাজা চৌধুরী, রাখি সাওয়ান্ত ও তাঁর সাবেক প্রেমিক অভিষেক আভাস্থি, শক্তি কাপুর ও তাঁর স্ত্রী শিবাঙ্গী কাপুর, প্রয়াত যশপাল ভাট্টি ও তাঁর স্ত্রী সবিতা ভাট্টি, অভিষেক সাওয়ান্ত ও তাঁর স্ত্রী শিল্পা সাওয়ান্ত প্রমুখ। ‘নাচ বালিয়ে ৫’-এ বিজয়ী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ।