ছোটপর্দার কাজে অনন্য মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাত্রিকথন’ নাটকের দৃশ্য
‘রাত্রিকথন’ নাটকের দৃশ্য

‘মোস্ট ওয়েলকাম’খ্যাত চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন চলচ্চিত্রের পাশাপাশি টিভি চ্যানেলের জন্য তৈরি করেছেন একটি খণ্ড নাটক। নাম ‘রাত্রিকথন’। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানান মামুন।
নাটকের গল্প সম্পর্কে জানতে চাওয়া হলে অনন্য মামুন বলেন, ‘একদিন আমার সহকারী পরিচালক তাঁর লেখা একটি গল্প আমাকে পড়তে দেন। গল্পটি পড়ে মনে হয় একদমই ভিন্নধারার। তারপরই এটি নিয়ে নাটক নির্মাণের চিন্তা মাথায় আসে। একজন মানুষের বাড়ি ফেরার তাড়া বা পিছুটান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটিই গল্পটিতে ফুটে উঠেছে।’
অনন্য মামুন এও বলেন, ‘নাটকটি একটি সম্পূর্ণ রাতের গল্প নিয়ে নির্মিত। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন একজন যুবক। ‘‘রাত্রিকথন’’ নাটকে যুবকের চরিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আলম।’

‘রাত্রিকথন’ নাটকের দৃশ্য
‘রাত্রিকথন’ নাটকের দৃশ্য


যুবকের চরিত্রটি প্রসঙ্গে মামুন বলেন, ‘গল্পটি নাটকে রূপ দেওয়ার সময় কিছু তথ্যের প্রয়োজন পড়ে। আর তখনই তথ্য সংগ্রহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আলমের সঙ্গে দেখা করতে যাই। তারপর এক পর্যায়ে তাঁকে নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করতে বললে গল্পটি শুনে তিনিও রাজি হন।’
‘রাত্রিকথন’ নাটকে আরও অভিনয় করেছেন নওশীন, শরিফুল, মনিরা মিঠু, আহাদ, মুক্তি, তানভীর, তন্দ্রাসহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী।