ছোটপর্দার জন্য কাজল চাইলেন ১৫ কোটি রুপি!

সালমান খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে বলিউডের প্রথম সারির অনেক তারকাই ছোটপর্দায় কাজ করে ব্যাংক অ্যাকাউন্ট ভারী করেছেন। তবে এখন পর্যন্ত ছোট পর্দার কোনো অনুষ্ঠানে অংশ নেননি এক সময়ের পর্দাকাঁপানো চলচ্চিত্র অভিনেত্রী কাজল। সম্প্রতি ‘মুম্বাই মিরর’-এর এক খবরে বলা হয়েছে, অবশেষে কাজল ছোটপর্দায় কাজের প্রস্তাব পেয়েছেন। শুধু তা-ই নয়, ২৭ পর্বের টিভি সিরিজটিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ ১৫ কোটি রুপি দর হেঁকেছেন এ তারকা অভিনেত্রী।
নারীকেন্দ্রিক টিভি সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে একা একজন মাকে ঘিরে, যিনি দিল্লির একটি যৌথ পরিবারে বসবাস করেন। সিরিজটিতে কাজলকে নেওয়ার জন্য সব রকম চেষ্টাই করেছেন ‘কুরবান’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার রেনসিল ডি’সিলভা।
টিভি সিরিজটির বিষয়বস্তু কাজলের দারুণ পছন্দ হলেও নির্মাতাদের কাছে বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করে বসেন তিনি। তাঁর চাহিদা অনুযায়ী ১৫ কোটি রুপি দিতে অপারগতা প্রকাশ করেন নির্মাতারা। দর-কষাকষির এক পর্যায়ে তাঁরা কাজলকে পাঁচ কোটি রুপি দিতে চান। কিন্তু কিছুতেই দর কমাতে রাজি হননি কাজল।