ছোটবেলার বৈশাখ মিস করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জাহিদ হাসানের ছোটবেলা কেটেছে মফস্বল শহরে। বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন বৈশাখী উৎসব। ঢাকায় এসে জনপ্রিয় তারকা হয়েছেন। শহুরে বৈশাখ কেমন লাগে তাঁর কাছে—বলেছেন আনন্দ-এর পাঠকদের জন্য।

জাহিদ হাসান
জাহিদ হাসান

সিরাজগঞ্জের মাড়োয়ারিপট্টিতে ছিল আমাদের বাড়ি। আমাদের এলাকার বেশির ভাগ মানুষই হিন্দুধর্মাবলম্বী। আমার বন্ধুদের প্রায় সবাই হিন্দুধর্মের। আমাদের সময়ের বৈশাখ এত ঘটা করে পালন করা হতো না। তখন বর্ষবরণ বুঝতাম না। বৈশাখ মানে ছিল হালখাতা। ওই সময় আমাদের পাড়ার সব দোকানেই হালখাতা হতো। লম্বা লাল খাতায় লেখা হতো বছরের হিসাব-নিকাশ। হালখাতা উপলক্ষে সব দোকানে ছিল আপ্যায়নের ব্যবস্থা। কাঁসার বালতিতে করে আনা হতো মিষ্টি। সেখান থেকে খেতে দেওয়া হতো ক্রেতাদের। আমরা ছোটরাও ভাগ পেতাম। অনেক দোকানে খিচুড়ির আয়োজন থাকত। এ ছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজে মেলা বসত। আমরা সেই মেলায় যেতাম। বন্ধুরা মিলে হই-হুল্লোড় করতাম। নানা ধরনের খেলনা কিনতাম।
এখন সময় বদলে গেছে। আগের মতো ‘প্রাণ’ নেই বৈশাখে। প্রাণ বলতে বৈশাখ এখন ‘ফেস্টিভ মুড’ পেয়েছে। এই অফার সেই অফার। এগুলোর মধ্যে আবার প্রতিযোগিতা চলে। কিন্তু আসল আনন্দটা হারিয়ে গেছে। উৎসবটাই নেই। এখনকার বৈশাখ দেখলে কুমার বিশ্বজিতের ‘একদিন বাঙালি ছিলাম রে’ গানটার কথা মনে পড়ে। আরেক যন্ত্রণা আছে পান্তা-ইলিশ। কিন্তু শহরে পান্তার ধারণাটাই ঠিক নয়। ভোরবেলা ভাত রান্না করে পানি দিয়ে বলা হয় এটাই পান্তা। কিন্তু ওটা পান্তা নয়, ওটা হলো পানিভাত। পান্তার জন্য আগের দিন ভাত রান্না করে পানি দিতে হয়। শুধু এমন নয়, লোকদেখানো অনেক কিছুই হয় এখন। কিন্তু আমি মিস করি ছোটবেলার সেই বৈশাখ পালন। সেই মেলা।