ছোট্ট আভালানার জন্য শোকগ্রস্ত বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডীয় পপগায়ক জাস্টিন বিবারের ছয় বছর বয়সী এক খুদে ভক্ত ছিল আভালানা রুথ। ছিল, কারণ আভালানা রুথ আজ আর নেই। বিবারের অগণন ভক্ত থাকলেও ছয় বছরের রুথ ছিল বিবারের সবচে কাছের। কারণ, রুথ মাত্র ১৮ মাস বয়স থেকে ক্যানসারের সঙ্গে লড়ছিল। অবশেষে ২৬ সেপ্টেম্বর বুধবার সবাইকে ছেড়ে চলে গেছে ছোট্ট আভালানা। প্রিয় ভক্তের মৃত্যুতে ভীষণ মুষড়ে পড়েছেন বিবার। খবরটি জানার পর হূদয়স্পর্শী এক টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন তিনি। বিবার তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘আমার জীবনের সবচে দুঃখজনক খবরটি পেলাম। আমার দেখা সবচে সতেজ প্রাণটি ঝরে গেছে। আভালানা, তোমাকে অনেক ভালোবাসি আমি। তুমি চলে যাওয়ায় সবকিছু শূন্য লাগছে। তোমাকে অনেক মনে পড়ছে আমার।’বিবার আরও লিখেছেন, ‘সবার প্রতি আমার অনুরোধ, আপনারা ছোট্ট আভালানা আর তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করুন।’ সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।গত বছর বোস্টন হাসপাতালে চিকিত্সাধীন খুদে ভক্ত আভালানাকে খুশি করতে মিছেমিছি বিয়ের পিঁড়িতে বসেন ‘বেবি’ তারকা জাস্টিন বিবার। ফেসবুকের মাধ্যমে অনুরোধ পাওয়ার পর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আভালানার সঙ্গে দেখা করার উদ্যোগ নেন তিনি। এ জন্য আভালানা ও তার পরিবারের সদস্যদের বোস্টন থেকে প্লেন ভাড়া করে নিউইয়র্কে নিয়ে এসেছিলেন বিবার। আভালানাকে নিজের কাছে এনে তার সঙ্গে পুরো একটি বিকেল কাটিয়েছিলেন বিবার। সে সময় তাঁরা বোর্ড গেম খেলেছেন, কেক খেয়েছেন; একে অপরকে অটোগ্রাফও দিয়েছেন। আভালানার সঙ্গে নানাভাবে মজা করার পর সবশেষে তাঁরা ‘বিয়ে’ করার সিদ্ধান্ত নেন। ভক্তের স্বপ্নকে সত্যি করতে মিছেমিছি তাকে ‘বিয়ে’ করেন বিবার। সেদিনের পর থেকে সবার কাছে ‘মিসেস বিবার’ নামে পরিচিতি পেয়ে যায় আভালানা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় বিবার লিখেছিলেন, ‘আমার জীবনের অন্যতম সেরা কাজটি করলাম। সত্যিই অসাধারণ একটি মেয়ে আভালানা। তার সঙ্গে সুন্দর সময় কাটানোর পর অনেক বেশি কাজের অনুপ্রেরণা পাচ্ছি। সত্যিই, ‘মিসেস বিবার’ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে।’ জীবনের বেশির ভাগ সময় অসুস্থ ছিল আভালানা। ডানা-ফাবার ক্যানসার নিরাময়কেন্দ্রে চিকিত্সক চার্লস রবার্টের তত্ত্বাবধানে চিকিত্সা নিয়েছিল সে। চার্লস রবার্ট জানিয়েছেন, টেরাটয়েড র্যাবডয়েড নামের বিরল ধরনের মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়েছে আভালানা। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এ ধরনের মাত্র ৩০ জন রোগী শনাক্ত করা সম্ভব হয়। মাত্র দেড় বছর বয়সে এ রোগে আক্রান্ত হয়েছিল আভালানা। শুরুর দিকে চিকিত্সার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল সে। কিন্তু পরে তার শরীরে আবারও ফিরে আসে রোগটি। ছোট্ট শরীর এ ধকল আর সইতে পারেনি। শেষ পর্যন্ত বিরল এ ক্যানসারের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে আভালানাকে। আভালানার মৃত্যুর পর ডানা-ফাবার ক্যানসার নিরাময়কেন্দ্রের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘প্রচণ্ড সাহসী এক মেয়ের নাম আভালানা। প্রায় সাড়ে চার বছর ধরে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সে। অসুস্থ থাকলেও সে সুন্দর একটি জীবন কাটিয়ে গেছে। নিজের অসুস্থতার গল্প সবার সঙ্গে ভাগাভাগি করে উদারতার পরিচয় দিয়েছে আভালানা। বিশ্বব্যাপী বিরল এ ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। এই ক্যানসার নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজনীয়তার কথাও বলে গেছে সে।’ আভালানাকে শেষবিদায় জানাতে তার পরিবারের সদস্যরা এক মর্মস্পর্শী টুইটার বার্তায় লিখেছেন, ‘আজ সকালে স্বর্গে চলে গেছে আমাদের প্রিয় আভালানা। ওহ, আভালানা, উজ্জ্বলতম তারা, চলে যাওয়ার সময় আমাদের সবার হূদয় সঙ্গে নিয়ে গেছ তুমি। অজস্র ভালোবাসা রইল তোমার প্রতি।’