ছোট্ট বিলির বড় বড় রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর জেতা গ্র্যামি হাতে বিলি আইলিশ। ছবি: এএফপি
এ বছর জেতা গ্র্যামি হাতে বিলি আইলিশ। ছবি: এএফপি

একটা পুঁচকে মেয়ে, বয়স সবে ১৮ হলো। সেই মেয়ে নাকি ‘জেমস বন্ড’ সিরিজের নতুন ছবির জন্য গান গাইছেন। সেই গানের নাম ‘নো টাইম টু ডাই’। যাঁরা বিলি আইলিশকে এখনো পুরোপুরি চেনেন না, তাঁদের কাছে আপাতদৃষ্টিতে বিলির এসব কাজকর্মকে ‘পুঁচকে মেয়ের কাণ্ড’ মনে হতে পারে। কিন্তু আদতে এই মেয়ে এখন বাঘা বাঘা শিল্পীকে টেক্কা দিচ্ছেন, গড়ে যাচ্ছেন নতুন নতুন ইতিহাস। আজ আমরা সেই ছোট্ট বিলির বড় বড় ইতিহাস গড়ার কথা জানব এই প্রতিবেদনে।

‘কম বয়সে কেমন বুড়ো বুড়ো ভাবের গান গাইছে!’ কথাগুলো বিলি আইলিশকে এত দিন ধরে যাঁরাই চিনেছেন, বলেছেন। তবে বিলি এরই মধ্যে দেখিয়ে দিয়েছেন যে বয়স সংখ্যা মাত্র। ১৮ কিংবা ৮০—ও কোনো ব্যাপারই না।

শুরুটা...

গানের সঙ্গে বিলির পরিচয়ের শুরুটা কবে থেকে, তা বলা মুশকিল। তবে গানপাগল বাবা প্যাট্রিক ও’কনেল ও মা ম্যাগি বেয়ার্ডের কারণে কথা শেখার আগেই গানে হাতেখড়ি হয় বিলির। ভাই ফিনিয়েস ও’কনেলের অবস্থাও একই। ভাইবোন দুজনে কোনো দিন স্কুলে যাননি। মা–বাবা প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে জোর দিয়েছেন বাস্তব জীবনের শিক্ষার দিকে। তাই ‘হোমস্কুলিং’ হয়েছে বিলির। রাতদিন গান করতেন, ফাঁকে ফাঁকে চলত পড়াশোনা। মাত্র ৪ বছর বয়সে বিলি নিজের প্রথম গান লেখেন। তত দিনে বড় ভাই নিজের ব্যান্ড তৈরি করে গান লেখা আর গাওয়া—দুটোই শুরু করে দিয়েছেন। মা–বাবা নাচ ও অভিনয়ের দিকেও নিয়ে যেতে চেয়েছিলেন মেয়েকে, কিন্তু বিলির সেটা ভালো লাগেনি। বরং ‘ডায়েরি অব আ উইম্পি কিড’, ‘রামোনা অ্যান্ড বেজোস’ আর ‘এক্স–ম্যান’ সিরিজের ব্যাকগ্রাউন্ড ভয়েস আর্টিস্ট হিসেবেই কাজ করতে স্বাচ্ছন্দ্য ছিলেন বিলি।

২০১৫ সালে নিজের নাচের শিক্ষকের জন্য ভাইয়ের সঙ্গে এক হয়ে ‘ওশেনস আইজ’ নামে একটি গান রেকর্ড করেন বিলি। পেশাদার শিল্পী হিসেবে তাঁর শুরুটা সেখান থেকে বলা যায়।

বিলি আইলিশ
বিলি আইলিশ

অ্যালবাম মোট দুটো
প্রথম গানেই সবার নজরে পড়েন বিলি। ২০১৬ সালে তাঁর গানের একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। নিজের প্রথম গান দিয়েই ‘বিলবোর্ড টপ ১০০’–এর তালিকায় মাত্র ১৫ বছর বয়সেই নাম লেখান এই শিল্পী। এরপর একে একে বিভিন্ন সময় গাওয়া ‘কপিক্যাট’, ‘আই ডোন্ট ওয়ানা বি ইউ এনিমোর’, ‘অ্যান্ড বার্ন’, ‘বোরড’ (নেটফ্লিক্সের থার্টিন রিজনস হোয়াই সিরিজের জন্য করা গান), ‘ওয়াচ’, ‘হোস্টেজ’, ‘মাই বয়’, ‘পার্টি ফ্লেভার’, ‘বেলিএচ’—বিলির এই গানগুলো একটি মোড়কে প্রকাশ পায়। মুক্তি পায় বিলির প্রথম অ্যালবাম ডোন্ট স্মাইল অ্যাট মি।

২০১৮ সালে মুক্তি পায় বিলির আরেক অ্যালবাম, নাম হোয়েন উই অল ফল অ্যাসস্লিপ, হোয়্যার ডু উই গো?। প্রথমটির মতো এই অ্যালবাম রীতিমতো ঝড় তোলে সবখানে। ২০১৯ সালের জুনের মধ্যেই অ্যালবামের মোট ১৩ লাখ কপি বিক্রি হয় বিশ্বব্যাপী।

অর্জন ও রেকর্ড

সর্বকনিষ্ঠ সফল নারী সংগীতশিল্পী হিসেবে যুক্তরাজ্যের টপচার্টে বিলি আইলিশ এখন আছেন ১ নম্বরে। ২০১৯ সালের শুরুতেই গানের স্ট্রিমিং সাইট স্পটিফাই বিলিকে নিজের প্রথম অ্যালবামের জন্য ‘ওয়ান বিলিয়ন স্ট্রিম’ হওয়া তরুণ শিল্পীর খেতাব দিয়েছে। পুরো ২০১৯ সালটাই ছিল বিলি আইলিশের অর্জনের বছর। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে বিলি জনপ্রিয় ও নতুন শিল্পী হিসেবে প্রথম দফাতেই দুটো পুরস্কার জিতে নেন। একই বছর বিলি পেয়েছেন ‘অ্যাপল মিউজিক অ্যাওয়ার্ড’, ‘বিলবোর্ড উইম্যান ইন মিউজিক’, ‘বিলবোর্ড লাইভ মিউজিক অ্যাওয়ার্ড’, ‘বিবিসি রেডিও টিন অ্যাওয়ার্ড’, ‘ব্রেকটুডু অ্যাওয়ার্ড’, ‘ড্যানিশ মিউজিক অ্যাওয়ার্ড’, নরওয়ে ও সুইডেনের স্বীকৃতি ইত্যাদি।

বছর শেষে গ্র্যামিতে সবাইকে বড়সড় একটা চমক দেন এই শিল্পী। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’সহ সব বড় বিভাগে মনোনয়ন পান এই শিল্পী। আর ২০২০ সালের শুরুতে সবচেয়ে কম বয়সে সর্বাধিক গ্র্যামি জিতে ইতিহাস গড়েন তিনি।

সামনেই অস্কার আয়োজন। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, অস্কারের মঞ্চে হতে যাচ্ছে বিলি আইলিশের অভিষেক। কিন্তু নতুন আর কী চমক দিতে চলেছেন এই খুদে শিল্পী? উত্তরের জন্য অপেক্ষা আগামী রোববারের। ৯ ফেব্রুয়ারি বসবে অস্কার আসর। গুঞ্জন আছে, সেখানে বিলি গাইবেন জেমস বন্ড–এরনতুন সিনেমার জন্য বানানো গানটি।

সাদিয়া ইসলাম

সূত্র: সিএনএন, বিলবোর্ড, বিবিসি ইত্যাদি