ছয় আলোকচিত্রীর '১৯'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম তুষারের একটি আলোকচিত্র
নাঈম তুষারের একটি আলোকচিত্র

পাঠশালার ছাদে উঠলেই চোখ পড়বে সামনের দালানে। সেটার দেয়ালজুড়ে বিরাট এক আলোকচিত্র। ভালো করে তাকালেও ছবিটা কিসের, সেটা বুঝতে খানিকটা সময় লাগবে। সেটা ছাড়াও ছাদটায় সাজানো রয়েছে আরও বেশ কিছু আলোকচিত্র। সেগুলোর শিল্পী নাঈম তুষার। আলোকচিত্রের স্কুল পাঠশালার উনিশতম ব্যাচের শিক্ষার্থী তিনি। জানালেন দেয়ালে ছবিটার আকার ১৬ ফুট বাই ২৪ ফুট। পাঠশালার ছাদজুড়ে রাখা আছে তাঁর ব্যক্তিগত উত্থান-পতন ও অভিযাত্রার ছবি।

প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা

১২ আগস্ট শুক্রবার বিকেলে একটা ছোট্ট আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়েছিল পাঠশালার উঠোনে। উনিশতম ব্যাচের শিক্ষার্থীরা আলোকচিত্র নিয়ে তিন বছর অনেকটা শিখলেন। শেষ ছয় মাস ছিল তাঁদের ছবি তোলার প্রকল্প। বিকেলটা মূলত সেসবের উদ্‌যাপনী। স্কুলটার শিক্ষক, নতুন-পুরোনো শিক্ষার্থী, তাঁদের বন্ধুরা ও আলোকচিত্রে আগ্রহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই বিকেলে। আরও ছিলেন স্কুলের অধ্যক্ষ ও বরেণ্য আলোকচিত্রী শহিদুল আলম। উনিশ ব্যাচের প্রকল্পের বিষয় ছিল ‘ঊন’। যাকে বলা যায় ‘কম’, ‘ন্যূন’, ‘হীন’, ‘দুর্বল’ বা বিশ থেকে ‘কমজোর’ কিছু। তাঁরা বলছেন, এ হচ্ছে পরিপূর্ণতার ঠিক আগের অধ্যায়। গাম্ভীর্য অর্জনের আগের স্বাধীন শিল্প-পদচারণ।

প্রদর্শনী ঘুরে দেখছেন এক তরুণী
প্রদর্শনী ঘুরে দেখছেন এক তরুণী

২০১৩ সালে উনিশ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় উনিশতম ব্যাচ। শেষ পর্যন্ত রইল বাকি ছয়। তাঁরা হচ্ছেন তৌফিকুর রহমান, নাঈম তুষার, মিনহাজ মারজু, এম হাসান তারেক, শহিদুর রহমান চৌধুরী ও নাসিরুল ইসলাম। তাঁদের গোটা পঞ্চাশেক আলোকচিত্র নিয়ে শুক্রবার বিকেলে শুরু হয়েছে প্রদর্শনী। পাঠশালার ক্যাম্পাস জুড়ে সেসব আলোকচিত্র ছড়িয়ে রেখেছেন, প্রদর্শনীর কিউরেটর সরকার প্রতীক। পাঠশালার প্রবেশমুখের উঠোন, লন, প্রদর্শনীকক্ষ, লোহার সিঁড়ি বেয়ে উঠে খাবার ঘর থেকে ছাদ—সবখানেই আলোকচিত্রগুলো রাখা নানা আঙ্গিকে। প্রদর্শনীতে আলোকচিত্র ছাড়াও আছে বই ও ভিডিওগ্রাফি।
আলোকচিত্রের শিক্ষার্থী ও আগ্রহীরা এই প্রদর্শনী ঘুরে আসতে পারবেন ১৯ আগস্ট পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে পান্থপথের এই আলোকচিত্রের স্কুল। আরও একটা সুযোগ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ‘পোর্টফোলিও রেজিস্ট্রেশন’ করা যাবে এখানে। ছবি তুলছেন, এমন যে কেউ নিজেদের তোলা আলোকচিত্র নিয়ে চলে আসতে পারবেন সেই দিন। আলোকচিত্রী তানভীর মুরাদ ও আশরাফুল আউয়ালসহ আরও বেশ কজন পেশাদার আলোকচিত্রী সেসব ছবি দেখবেন, মন্তব্য করবেন এবং পরামর্শ দেবেন। এ ছাড়া এদিন ছয়জন নারী আলোকচিত্রী প্রদর্শন করবেন তাঁদের আলোকচিত্রকর্ম।

শহিদুল আলম ও আলোকচিত্রীরা
শহিদুল আলম ও আলোকচিত্রীরা