ছয় ছবিতে জমজমাট অক্টোবর

ঈদ উত্সব ছাড়া অন্য সময়ে ঢালিউড অনেকটাই ঝিমিয়ে থাকে। সচরাচর এক মাসে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পায় না। এমনকি গত ঈদুল ফিতরে যৌথ প্রযোজনা ও দেশীয় বড় বাজেটের তিনটি ছবি মুক্তির পর ঈদুল আজহার আগ পর্যন্ত কোনো আলোচিত ছবি মুক্তি পায়নি। মাঝের আড়াই মাস ছবি মুক্তির সংখ্যা ছিল হাতে গোনা। কিন্তু আগামী অক্টোবর মাসে ঘটছে ব্যতিক্রম। এ মাসে মুক্তি পাচ্ছে ছয়টি ছবি। ছবি মুক্তির তালিকা নিবন্ধনকারী সংস্থা প্রযোজক ও পরিবেশক সমিতির অক্টোবর মাসের তালিকা থেকে এই তথ্য জানা গেছে।

৬ অক্টোবর মুক্তি পাচ্ছে দীপংকর দীপনের ঢাকা অ্যাটাক ও ইমতিয়াজ আহমেদের মাটির প্রজার দেশে। ১৩ অক্টোবর মনতাজুর রহমান আকবরের দুলাভাই জিন্দাবাদ। বদরুল আনাম সৌদের গহীন বালুচর ও সরোয়ার হোসেনের খাসজমিন-এর মুক্তি ২০ অক্টোবর। ২৭ অক্টোবর মোস্তফা সরয়ার ফারুকীর ডুব-এর মুক্তি।
এসব ছবির পরিচালক ও প্রযোজকেরাও তাঁদের ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। খাসজমিন ছবির পরিচালক সরোয়ার হোসেন বলেন, ‘২০ অক্টোবর খাসজমিন মুক্তির দিন চূড়ান্ত করেছি। হল বুকিং শুরু হয়ে গেছে।’

নির্ধারিত সময়ে দুলাভাই জিন্দাবাদ ছবির মুক্তির কথা নিশ্চিত করে ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি হল বুকিংও হয়ে গেছে।
ডুব-এর বাংলাদেশ অংশের প্রযোজক আবদুল আজিজ বলেছেন, নতুন করে আর মুক্তি পেছানো হবে না। ২৭ অক্টোবরই বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ডুব মুক্তি পাবে।

এদিকে ৬ অক্টোবর ঢাকা অ্যাটাক ছবির মুক্তির ঘোষণা দেওয়া হলেও এখনো সেন্সর ছাড়পত্র পায়নি ছবিটি। তবে শিগগিরই ছাড়পত্র পাবে বলে আশা প্রকাশ করেন ছবির পরিচালক দীপংকর দীপন। ছবির শেষ মুহূর্তের কাজ নিয়ে এখন ভারতে অবস্থান করছেন এই পরিচালক। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আজ মঙ্গলবার ছবিটি সেন্সরে উঠবে। ছবির মধ্যে এমন কিছু নেই, যে সেন্সরে আটকে দেবে। আশা করছি শিগগিরই ছাড়পত্র পেয়ে যাব। ৬ অক্টোবর ছবি মুক্তি দিতে কোনো সমস্যা হবে না।’

অনেক দিন পর এক মাসেই একাধিক বড় বাজেটের ছবি মুক্তিকে বর্তমান সময়ে চলচ্চিত্রের জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকেই। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, এটি একটি ভালো লক্ষণ। পরপর এই ছবিগুলো মুক্তি পেলে সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়বে। আর ছবিগুলো যদি ভালো চলে, চলচ্চিত্রের মানুষেরাও উজ্জীবিত হবেন। অনেক প্রযোজক নতুন করে এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।
