ছয় বছর পর পার্থিবের ‘উত্সর্গ নিজেকে’
ব্যান্ডদল পার্থিবের প্রথম অ্যালবাম বাউন্ডুলে প্রকাশিত হয় ২০০৫ সালে। প্রায় ছয় বছর পর প্রকাশিত হলো ব্যান্ডদলটির দ্বিতীয় অ্যালবাম। নাম উত্সর্গ নিজেকে। অ্যালবামটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, আইয়ুব বাচ্চু, নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, কাজী হাবলু, সাহেদ, বিপ্লব, আগুন, তিশমা, চঞ্চল মাহমুদসহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সবাই ব্যান্ডদলটির প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য দেন।পার্থিব ব্যান্ডের অন্যতম সদস্য রুমন বলেন, ‘নানা ব্যস্ততার কারণে আমাদের দ্বিতীয় অ্যালবামের কাজ শেষ করতে দেরি হয়েছে। তবে এর মধ্যে আমরা মঞ্চে নিয়মিত অনুষ্ঠান করেছি। তা ছাড়া একটু সময় নিয়ে কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেওয়াটাও দেরির কারণ। শ্রোতাদের কথা চিন্তা করেই অ্যালবামের গানগুলো করেছি।’মোড়ক উন্মোচন শেষে প্রয়াত পপগুরু আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন ব্যান্ডের সদস্যরা। উত্সর্গ নিজেকে অ্যালবামের গানগুলি হলো—না বলা কথা, উত্সর্গ নিজেকে, বাংলাদেশ, দমে দমে, দুর্নীতি, হতাশা, কাঁদছি কেন, ধোঁয়াটে শহর, বৃষ্টি হব, বাঁচবে নাকি এবং রং। গানের কথা লিখেছেন ব্যান্ড সদস্যরাই।পার্থিব ব্যান্ডের বর্তমান লাইনআপ—রুমন (ভোকাল ও গিটারিস্ট), নেদা (ভোকাল), নাবিল (কি-বোর্ডিস্ট), রাজা (বেইজিস্ট) এবং শুভ (ড্রামার, পারকাশনিস্ট ও ব্যাকআপ ভোকাল)।