‘দুই বছর পর বড় পর্দায় ফিরছেন হূতিক রোশন। ছবির মেক্সিকান নায়িকা বারবারা মোরির সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করেছেন রোশন-তনয়। স্ত্রী সুজান নাকি এ কারণে গোস্সা করে ঘর ছেড়েছেন! বাবা রাকেশ রোশনের প্রযোজনায় হূতিক কখনো ব্যর্থ হননি। পরিচালক অনুরাগ বসুর রেকর্ডও মন্দ নয়।’—এতসব আলোর ঝলকানিও বাঁচাতে পারল না কাইটসকে। বছরের প্রথমার্ধের দ্বিতীয় বড় ফ্লপ হিসেবে ব্যর্থতার খাতায় নাম লিখেছে কাইটস। প্রথম বড় ফ্লপ ছবির ঢাকঢোল ছিল কাইটস-এর চেয়েও বেশি। মণিরত্নমের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক, সঙ্গে তাঁরই গুরু ছবির হিট জুটি অভিষেক-ঐশ্বরিয়া, অস্কারজয়ী এ আর রহমানের সুর, ঐশ্বরিয়ার দুই বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন—কোনো কিছুই রাবণকে হিট ছবির তকমা এনে দিতে পারেনি। বরং প্রথম দিন ছবি দেখে দর্শকেরা বছরের সবচেয়ে বিরক্তিকর ছবির তালিকার সবার ওপরে নাম বসিয়েছে রাবণকে। আবারও প্রমাণ হলো, ছবি চলে ছবির গুণে। গল্প, চিত্রনাট্য, কুশলী পরিচালনা কিংবা জবরদস্ত সংলাপের গুণে; যা ছিল প্রকাশ ঝার সিরিয়াস ছবি রাজনীতিতে। ২০১০ সালের এখন পর্যন্ত সবচেয়ে বড় হিট ছবি রাজনীতি। বড় বড় তারকা থাকা সত্ত্বেও পরিবেশকেরা মুক্তির আগে রাজনীতিকে নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি। অথচ এখন রাজনীতির ঝুলিতে ৯০ কোটির ওপর রুপি জমা হয়েছে। রাজনীতির পরিচালক প্রকাশ ঝা কিংবা মাই নেম ইজ খান-এর পরিচালক করন জোহরকে নির্দ্বিধায় অর্ধ বছরের সেরা পরিচালক হিসেবে ঘোষণা করছেন অনেকে। মাই নেম ইজ খান এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি। তবে রাজনীতির তুলনায় বেশি দামে বিক্রি হওয়ায় হিট ছবির তালিকায় রাজনীতির পর মাই নেম ইজ খান-এর অবস্থান। এ দুই ছবি ছাড়াও হাউসফুল, বদমাশ কোম্পানি হিট ছবির তালিকায় জায়গা পেয়েছে। ইশকিয়া, অতিথি তুম কাব জাওগে এবং মাত্র দেড় কোটি রুপিতে হ্যান্ডিক্যাম দিয়ে নির্মিত লাভ সেক্স ঔর ধোঁকা মূলধন উঠিয়ে লাভের অঙ্কও গুনেছে। দ্য জাপানিজ ওয়াইফ, র্যান, সিটি অব গোল্ড, শাপিত, লাহোর, হাইড অ্যান্ড সিক, না ঘরকে না ঘাটকে, রাইট ইয়া রং, থ্যাংকস মা, রোড টু সঙ্গম সমালোচকদের প্রশংসা কুড়ালেও পেক্ষাগৃহ খালিই থেকেছে। কাইটস, রাবণ ছাড়াও দর্শক আকাশসমান প্রত্যাশা নিয়ে বসেছিল বীর নিয়ে। কিন্তু কাহিনিকার সালমান খান ও পরিচালক অনিল শর্মা দর্শকদের আগ্রহে পানি ঢেলে দিয়েছেন। বেশ কয়েকটি রাজ্যে বীর ব্যবসা করলেও সর্বোপরি ক্ষতির মুখ দেখেছেন প্রযোজক ও পরিবেশক। তাঁদের জামিন পার-এর পর দার্শিল সাফারি এসেছিলেন বাম বাম বোলে নিয়ে। সুখবিন্দর সিং অভিনয় করেছিলেন কুছ কারিয়ে ছবিতে। রামগোপাল ভার্মা প্রযোজনা করেছিলেন তাঁর জনপ্রিয় ছবি ফুঁক-এর দ্বিতীয় পর্ব। রেখা-হেমা মালিনী-ঋষি কাপুর একফ্রেমে বন্দী হয়েছিলেন সাদিয়া ছবিতে। অমিতাভ বচ্চন-স্যার বেন কিংস্লে তিনপত্তি ছবিতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। দুই চোপড়া-প্রিয়াঙ্কা, উদয় পেয়ার ইম্পসিবল ছবিতে; দুই খান শাহরুখ-ফারদিন দুলহা মিল গ্যায়ায় একসঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু এসব চাকচিক্যে দর্শক বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি।বছরের প্রথম ছয় মাসে অভিনেতাদের মধ্যে আমজনতা থেকে বোদ্ধা জনতা—উভয় পক্ষের সমর্থন নিয়ে এগিয়ে আছেন কিং খান শাহরুখ। মাই নেম ইজ খান-এর জন্য আগামী বছর তাঁর পুরস্কার অন্তত মনোনয়ন নিশ্চিতভাবে বরাদ্দ। রাজনীতির রণবীর কাপুর, অর্জুন রামপাল, মনোজ বাজপায়ি, ইশকিয়ার আরশাদ ওয়ার্সি ও নাসিরউদ্দিন শাহ পুরস্কারযোগ্য অভিনয় করেছেন। ইঁদুর দৌড়ে আরও শামিল হয়েছেন অক্ষয় কুমার (হাউসফুল), শহীদ কাপুর (বদমাশ কোম্পানি), অজয় দেবগন (রাজনীতি, অতিথি তুম কাভ জাওগে)। প্রশংসাস্নাত হয়েছেন অমিতাভ বচ্চন (র্যান, তিনপত্তি), ফারহান আখতার (কার্তিক কলিং কার্তিক)। ব্যর্থ ছবি কাইটস-এর প্রাণ ছিলেন হূতিক রোশন। ঐশ্বরিয়া রাই বচ্চন যেমন রাবণ-এর প্রাণ। রাবণ অভিষেককে যতটা পিছিয়ে দিয়েছে, ঐশ্বরিয়াকে ঠিক ততটাই এগিয়ে দিয়েছে। প্রায় সব সমালোচক কাইটস, রাবণ-এর একমাত্র ভালো দিক উল্লেখ করতে গিয়ে হূতিক ও ঐশ্বরিয়ার নাম নিয়েছেন। তবে অভিনেত্রীদের মধ্যে সবকিছু বিবেচনায় এখন পর্যন্ত এগিয়ে আছেন কাজল (মাই নেম ইজ খান) এবং বিদ্যা বালান (ইশকিয়া)। ক্যাটরিনা কাইফ (রাজনীতি) আরও এক হিট ছবি ঝুলিতে ভরেছেন। প্রশংসিত হয়েছেন আনুশকা শর্মা (বদমাশ কোম্পানি), লারা দত্ত (হাউসফুল), দীপিকা পাড়ুকোন (হাউসফুল, কার্তিক কলিং কার্তিক) ও কঙ্কনা সেন শর্মা (অতিথি তুম কাভ জাওগে)। তবে এ তালিকাই শেষ কথা নয়। হাতে আছে আরও ছয়টি মাস। যেকোনো সময় যেকোনো ছবি এসব হিসাব-নিকাশ ওলটপালট করে দিতে পারে! তথ্যসূত্র: ওয়েবসাইট