বিশ্বকাপ ক্রিকেট কিংবা আইপিএল ‘ভিলেন’ হতে পারেনি ভালো ছবির জন্য। বছরের প্রথম ছবি নো ওয়ান কিল্ড জেসিকা হিট; সেই সঙ্গে অর্ধবছরের শেষ ছবি ডাবল ধামালও হিট। এমন রেকর্ড অন্তত বিগত দুই দশকে ঘটেনি। বক্স অফিস আবারও শিখিয়ে দিল, ছবি ভালো হলে দর্শক তা নেবেই। অন্যান্য বছর সাধারণত শেষ ছয় মাসেই সেরা ব্যবসাসফল ছবির আগমন ঘটে। তবে এবার বডিগার্ড, ডন টু, রা ওয়ান—এসব ছবিকে রেডির রেকর্ড ভেঙে ফেলতে হবে বর্ষসেরা ছবির তকমা ঘরে তুলতে হলে। ৩ জুন মুক্তি পাওয়া রেডি এখন পর্যন্ত ১১২ কোটি রুপি আয় করে সর্বকালের সেরা চতুর্থ ব্যবসাসফল হিন্দি ছবির রেকর্ড বগলদাবা করেছে। ২০০৯ সালের ওয়ান্টেড থেকে শুরু হওয়া সালমান খান-জ্বর গত বছরের দাবাং হয়ে এ বছর রেডিতে এসে ঠেকেছে। অর্ধবছরের সেরা নায়ক সালমান খানই। নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন কঙ্গনা রনৌত; তনু ওয়েডস মনু, ডাবল ধামাল হিট ছবির কল্যাণে। তনু ওয়েডস মনু মাধবনের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডাবল ধামাল যেমন সঞ্জয় দত্ত, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরি, আশীষ চৌধুরীর জন্য প্লাস হয়েছে। সঞ্জয় দত্ত দীর্ঘদিন পর হিট ছবি ঝুলিতে ভরলেন। এ রকম প্রত্যাবর্তন হয়েছে ধর্মেন্দ্র এবং তাঁর দুই ছেলে সানি দেউল ও ববি দেউলের। ইয়ামলা পাগলা দিওয়ানা মাতিয়ে দিয়েছে দর্শকদের। প্রথম ছবিতে ব্যর্থ মিঠুন চক্রবর্তী-তনয় মহাক্ষয় এ বছর সফল হয়েছেন ত্রিমাত্রিক ছবি হন্টেড-এ। হন্টেড-এর মতো হিট হয়েছে প্রযোজক বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানির দ্বিতীয় ছবি ফালতু। হিটের তালিকায় আরও আছে স্বল্প বাজেটের রাগিণী এমএমএস, পেয়ার কা পঞ্চনামা, ধোবি ঘাট। মূলধন উঠিয়ে কিছুটা লাভের অঙ্ক গুনেছে দিল তো বাচ্চা হ্যায় জি, শয়তান, স্টেনলে কা ডাব্বা, চলো দিল্লি, শোর ইন দ্য সিটি। দম মারো দম, থ্যাংক ইউ ফ্লপের তালিকায় নাম না লেখালেও প্রত্যাশা-মাফিক ব্যবসা করতে পারেনি। সমালোচকদের প্রশংসাধন্য হয়েছিল ৪০৪, কাশমাকাশ, উট পতঙ্গ, ইয়ে সালি জিন্দেগি, পাতিয়ালা হাউস, মেমোরিজ ইন মার্চ, মনিকা, আই অ্যাম, লাভ কা দি এন্ড, সাগরিদ। তবে এই ছবিগুলোর একটিও বক্স অফিসে আলো জ্বালাতে পারেনি। দর্শক-সমালোচক উভয় পক্ষকে হতাশ করেছে সাত খুন মাফ, গেম, থ্যাংক ইউ, অলওয়েজ কাভি কাভি, লাভ ইউ মিস্টার কালাকার, বিন বুলায়ে বারাতি, ভেজা ফ্রাই ২ প্রভৃতি। তবে ফ্লপ ছবিতে সু-অভিনয় করে পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া (সাত খুন মাফ)। বিদ্যা বালন ও রানী মুখার্জি (নো ওয়ান কিল্ড জেসিকা) দুজনই দর্শক-সমালোচকদের সমর্থন আদায় করে ছেড়েছেন। প্রশংসিত হয়েছেন প্রতীক বাব্বর ও আমির খান (ধোবি ঘাট), অজয় দেবগন, এমরান হাশমি, ওমি বৈদ্য (দিল তো বাচ্চা হ্যায় জি), অক্ষয় কুমার (পাতিয়ালা হাউস), রাজীব খান্ডেলওয়াল (শয়তান), তুষার কাপুর (শোর ইন দ্য সিটি), অভিষেক বচ্চন (দম মারো দম), রাহুল বোস, সঞ্জয় সুরি (আই অ্যাম)। অভিনেত্রীদের মধ্যে অসিন (রেডি), মল্লিকা শেরাওয়াত (ডাবল ধামাল), আনুশকা শর্মা (পাতিয়ালা হাউস), কালকি (শয়তান), লারা দত্ত (চলো দিল্লি), রিয়া সেন, রাইমা সেন (কাশমাকাশ), জুহি চাওলা, মনীষা কৈরালা, নন্দিতা দাস (আই অ্যাম) দর্শক-সমালোচকদের হাততালি পেয়েছেন। বেশ কিছু নতুন মুখ উঠে এসেছে বছরের প্রথম ভাগে—রাজকুমার জাদভ, কাইনাজ (রাগিণী এমএমএস), দিবেন্দু, নুসরাত (পেয়ার কা পঞ্চনামা), মনিকা দর্গা, কৃতী মালহোত্রা (ধোবি ঘাট), রানা ডগ্গুবতি (দম মারো দম), তাহা, শ্রদ্ধা কাপুর (লাভ কা দ্য এন্ড), টিয়া (হন্টেড), কুলরাজ (ইয়ামলা পাগলা দিওয়ানা), পূজা (ফালতু), রাধিকা (শোর ইন দ্য সিটি)। সব মিলিয়ে ২০১১ সালের প্রথম ছয় মাস ছিল সফল। এখন বাকি ছয় মাসের অপেক্ষা। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট