ছয় লাখ ডলারে বিক্রি হল ‘কাসাব্লাংকা’ পিয়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘কাসাব্লাংকা’ মুক্তি পেয়েছিল ১৯৪২ সালে। অস্কারজয়ী এ চলচ্চিত্রটিতে ব্যবহূত একটি পিয়ানো সম্প্রতি বিক্রি হয়েছে ছয় লাখ ডলারের কিছু বেশি দামে। ১৪ ডিসেম্বর শুক্রবারে আয়োজিত এক নিলামে পিয়ানোটির দাম দশ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত দামের অর্ধেক দামে বিকিয়েছে পিয়ানোটি।গত কয়েক বছরে হলিউডের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতি-সামগ্রী অনেক চড়া দামে বিক্রি হয়েছে নিলামে। এর পরিপ্রেক্ষিতে পিয়ানোটির দাম দশ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলেই প্রত্যাশা করেছিল নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সদারবাই’স। কিন্তু শেষ পর্যন্ত পিয়ানোটির দাম ওঠে ৬ লাখ ২ হাজার ৫০০ ডলার। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘কাসাব্লাংকা’ ছবিতে ব্যবহূত ‘অ্যাজ টাইম গোজ বাই’ গানের সঙ্গে এই পিয়ানোটি বাজাতে দেখা গিয়েছিল মার্কিন অভিনেতা ও গায়ক প্রয়াত ডুলে উইলসনকে। ছবিটিতে ‘স্যাম’ চরিত্রে অভিনয় করেছিলেন উইলসন। ছবির গুরুত্বপূর্ণ দুটি দৃশ্যে ব্যবহূত হয়েছিল এই পিয়ানো। পিয়ানোটিকে ঘিরে ‘প্লে ইট, স্যাম। প্লে অ্যাজ টাইম গোজ বাই’ সংলাপটি আজও স্মরণীয় হয়ে আছে।এর আগে ১৯৮৮ সালেও পিয়ানোটি নিলামে তোলা হয়েছিল। একজন জাপানি সংগ্রাহক এক লাখ ৫৪ হাজার ডলার দিয়ে এটি কিনে নিয়েছিলেন।