হলিউডে যেকোনো সুপারহিরোর আগমন মানেই বক্স অফিসে ঝড়। আর সেখানে এক ছবিতে ছয়-ছয়জন সুপারহিরো। হ্যাঁ, চোখ তো কপালে ওঠারই কথা। এই অবাক করা ব্যাপারই ঘটেছে অ্যাভেঞ্জার্স ছবিতে। অর্ধডজন সুপারহিরো আর হিরোইনরা আছেন অ্যাভেঞ্জার্স চলচ্চিত্রে। গত ২৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সারা বিশ্বে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। জস হোয়েইডন পরিচালিত কমিক কাহিনিনির্ভর এই চলচ্চিত্রে প্রধান চরিত্রগুলোতে রূপদান করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, স্যামুয়েল জ্যাকসন, জেরেমি রেইনার, টম হাইডেলস্টোন।মারভেল কমিকসের ছয় সুপারহিরোর গল্প নিয়েই দ্য অ্যাভেঞ্জার্স। গোয়েন্দা সংস্থা শিল্ডের প্রধান নিক ফারি (স্যামুয়েল জ্যাকসন) মহাকাশ গবেষণায় দূরের জায়গায় যাওয়ার একটি বিশেষ পথ উদ্ভাবন করেন। ওই পথ দিয়েই বিশেষ শক্তির উৎস কিউব প্রিজম নিয়ে পৃথিবীতে চলে আসে নির্বাসিত নর্স দেবতা লুকি (টম হাইডেলস্টোন) এজেন্টদের প্রভাবিত করে পৃথিবী দখলের কাজে। লুকি যোগাযোগ করে এলিয়ান সম্প্রদায় চিটাউরিদের সঙ্গে। প্রিজম বিনিময়ের শর্তে লুকিকে পৃথিবীর শাসনকর্তা বানানোর ষড়যন্ত্রে সারা দেয় এলিয়েন সম্প্রদায়। ষড়যন্ত্র প্রতিহত করতে শিল্ড এজেন্ট নাতাশা (স্কারলেট জোহানসন) সুপারহিরোদের নিয়ে জোট গঠন করে। সুপারহিরোদের এই জোটের অন্যরা হলেন আয়রনম্যান টনি স্টার্ক (রবার্ট ডাউনি জুনিয়র), ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার (ক্রিস ইভান্স) ও হাল্ক ড. ব্রুস ব্যানার (মার্ক রাফালো)। পৃথিবীকে বাঁচানোর গল্প নিয়েই ১৪৩ মিনিটের চলচ্চিত্র দ্য অ্যাভেঞ্জার্স। সুপারহিরোদের অ্যাকশনে পরিপূর্ণ দ্য অ্যাভেঞ্জার্স নির্মাণে ব্যয় হয়েছে ২২০ মিলিয়ন মার্কিন ডলার। মার্ভেল স্টুডিও ও ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত চলচ্চিত্রটি নির্মাণে সময় লেগেছে মাত্র আট মাস। গত ১১ এপ্রিল হলিউডের এল ক্যাপ্টেন থিয়েটারে প্রিমিয়ার প্রদর্শনী হয় চলচ্চিত্রটির। যুক্তরাষ্ট্রে মুক্তির আগেই সারা বিশ্বে বিভিন্ন থিয়েটার হলে দর্শক উপচে পড়ছে সুপারহিরোদের দ্য অ্যাভেঞ্জার্স দেখতে। ছেলেবুড়ো সব কমিক পাগল হাজির হচ্ছে সিনেথিয়েটারগুলোতে দ্য অ্যাভেঞ্জার্স দেখার প্রতীক্ষায়। সবখানেই অপ্রতিরোধ্য সুপারহিরোদের দ্য অ্যাভেঞ্জার্স। জাহিদ হোসাইনদ্য হলিউড রিপোর্টার অবলম্বনে