জগজিৎ সিংয়ের জন্য বলিউডে প্রার্থনা
ভারতের গজল শিল্পী জগজিৎ সিংয়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা বলছেন, তাঁর সংকট কাটেনি এখনো। ৭০ বছর বয়সী এই শিল্পী হূদেরাগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত শুক্রবার মুম্বাইয়ে পাকিস্তানের আরেক খ্যাতিমান গজল গায়ক গুলাম আলীর সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার কথা ছিল। এদিকে বলিউড তারকারা টুইটার বার্তায় জগজিৎ সিংয়ের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছেন। এক বার্তায় লতা মুঙ্গেশকর লিখেছেন, ‘এইমাত্র জানতে পারলাম। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই প্রার্থনাই করি।’ অমিতাভ বচ্চন তাঁর টুইটারে লিখেছেন, ‘খবরটা আমি লতাজির কাছ থেকেই পেলাম। তিনি শিগগির আরোগ্য লাভ করুন—এই কামনা করি।’ ‘আমরা তাঁর জন্য প্রার্থনা করছি। তিনি সেরে উঠুন এবং আমাদের মাঝে ফিরে আসুন।’ বললেন সনু নিগম। এনডিটিভি ও আইএএনএস।