জগন্নাথ হলে শাস্ত্রীয় নৃত্য

আজ সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠানের। আটজন বাংলাদেশি তরুণ নৃত্যশিল্পী এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।
দুই ঘণ্টার এ আয়োজন শুরু হবে সুইটি দাসের উদ্বোধনী নৃত্য দিয়ে। ভরতনাট্যম পরিবেশন করবেন অমিত চৌধুরী। কত্থকে থাকবেন দীপা সরকার, গৌড়ীয় নৃত্যে র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ভারতীয় দূতাবাস ও ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের যৌথ আয়োজন এ শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

সুইটি দাস একই সঙ্গে মণিপুরী ও ব্যালে নৃত্যশিল্পী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, ঢাকায় নৃত্যাঙ্গন নামের একটি স্কুল চালান। অমিত চৌধুরীও রবীন্দ্র ভারতী ফেরত শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়ান। র্যাচেল প্রিয়াঙ্কাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগে শিক্ষকতা করেন।

দীপা সরকার রবীন্দ্র ভারতী থেকে কত্থকে স্নাতকোত্তর করে সেখানেই এখন পিএইচডি করছেন। বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের নৃত্যশিক্ষক হিসেবে কাজ করছেন।
এ ছাড়া আরও চারজন তরুণ নৃত্যশিল্পী নাচ পরিবেশন করবেন। মণিপুরী পরিবেশন করবেন বুলবুল আলম চৌধুরী ও অনিন্দিতা রায়। তাঁরা নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের শিষ্য। ওডিশি নৃত্যে থাকবেন আফিয়া ইবনেত হালিম ও জসিমউদ্দিন। তাঁরা নৃত্যশিল্পী শর্মিলী বন্দ্যোপাধ্যায়ের শিষ্য।