জঙ্গি আতঙ্কে পুনম পাণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনম পাণ্ডে
পুনম পাণ্ডে

বিতর্কিত মডেল ও বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডের ওপর নজর পড়েছে টিম ম্যাডলিটস নামের পাকিস্তানি একটি জঙ্গি সংগঠনের। সম্প্রতি পুনমের ওয়েবসাইট হ্যাক করে সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা জুড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি বার্তায় কাশ্মীর নিয়ে সুবিচারের জন্য সবাইকে সোচ্চার হতে বলা হয়েছে। এ ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছেন বেচারা পুনম। তিনি আশঙ্কা করছেন, তাঁর ওপর জঙ্গি হামলা হতে পারে।
এ প্রসঙ্গে পুনমের ভাষ্য, ‘হামলা হতে পারে কখনোই এমন ভয় ছিল না আমার। জীবনে এই প্রথম প্রচণ্ড ভয় এসে ভর করেছে আমার ওপর। আমার ওয়েবসাইটের ওপর দখল নিয়ে নিয়েছে হ্যাকাররা। মনে হচ্ছে তাঁরা উগ্র জঙ্গিবাদের আদর্শে অনুপ্রাণিত। এমন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় তা আমার জানা নেই।’
পুনম আরও বলেন, ‘আমার ওয়েবসাইট হ্যাক হওয়ার পর তা ঠিক করার প্রাথমিক চেষ্টা চলছে। কিন্তু যা ক্ষতি হওয়ার তা এরই মধ্যে হয়ে গেছে। নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কার মধ্যে আছি। ওয়েবসাইট হ্যাক করার পর সামনে যদি জঙ্গিরা আমার ওপর হামলা চালায় আমি কি নিজেকে রক্ষা করতে পারব!’  সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ ছাড়া ওয়েবসাইট হ্যাক হওয়ার পর বেশ কয়েকটি টুইটের মাধ্যমে আতঙ্ক প্রকাশ করেছেন পুনম। তিনি লিখেছেন, ‘সাবধান, হুঁশিয়ার! সবার সাহায্য প্রার্থনা করছি। আমার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কাশ্মীরের জন্য সোচ্চার হতে বলেছে হ্যাকাররা। কি করব কিছুই বুঝতে পারছি না। মুম্বাই সাইবার ক্রাইম সেলের অপরাধ-বিশেষজ্ঞ প্রশান্ত মালির কাছে অভিযোগ দায়ের করেছি।’

পুনম পাণ্ডের ওয়েবসাইট হ্যাক করে সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা জুড়ে দেওয়া হয়েছে
পুনম পাণ্ডের ওয়েবসাইট হ্যাক করে সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা জুড়ে দেওয়া হয়েছে


আরেকটি টুইটার বার্তায় পুনম লিখেছেন, ‘এই ঘটনায় প্রচণ্ড ধাক্কা খেয়েছি। আতঙ্ক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করছি, শিগগির আবার ওয়েবসাইট চালু করতে পারব।’ 
২০১১ সালে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে বিবসনা হবেন বলে ঘোষণা দিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়ে মিডিয়ার স্পটলাইটে আসেন ‘কিংফিশার’ মডেল পুনম পাণ্ডে। একই বছর ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের চতুর্থ মৌসুমের প্রতিযোগী হওয়ার সুযোগ মেলে তাঁর। ২০১৩ সালে ‘নাশা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। চার কোটি রুপি বাজেটের ছবিটির বক্স অফিস আয়ের পরিমাণ আট কোটি রুপি।
টুইটার ও ফেসবুকে প্রচুর অনুসারী রয়েছে পুনমের। তাঁর অভিনীত প্রথম ছবিটি মোটামুটি সাফল্যের মুখও দেখেছে। তারপরও বলিউডে খুব একটা পাত্তা পাচ্ছেন না ২২ বছর বয়সী পুনম। এবার জঙ্গিদের নজর তাঁর ওপর পড়ায় সামনে তাঁকে বেশ সতর্কভাবেই পথ চলতে হবে। এতে করে তাঁর ক্যারিয়ার হুমকির মুখে পড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনাটি পুনমের জন্য শাপে বরও হতে পারে। তাঁর জনপ্রিয়তা যে ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানেও পৌঁছে গেছে তা মনে করে সামনে হয়তো আরও অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করবেন।