জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা পাঠ করেন কবি আসাদ চৌধুরী  l ছবি: প্রথম আলো
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা পাঠ করেন কবি আসাদ চৌধুরী l ছবি: প্রথম আলো

জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভেই জঙ্গি হামলার শিকার হলো মাইকেলেঞ্জেলো। তাকে নিয়ে একটি কবিতা লিখেছেন কবি তারিক সুজাত। গুলশানে জঙ্গি হামলায় নিহত ইতালীয় নাগরিক সিমোনা মনটির সেই শিশুটিকে নিয়ে লেখা ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ কবিতাটি গতকাল পড়ে শোনালেন তিনি।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ছিল জঙ্গিবাদবিরোধী কবিতার আসর। বিকেলের সেই আসরে কবিতাপাঠ শুরুর আগে জঙ্গিবাদ মোকাবিলায় নিজেদের সোচ্চার অবস্থানের কথা জানালেন সংস্কৃতিকর্মীরা। তাতে বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
রামেন্দু মজুমদার বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি সাংস্কৃতিক। অস্ত্র দিয়ে নয়, সামাজিক-সাংস্কৃতিক শক্তি দিয়েই আমাদের এসব মোকাবিলা করতে হবে। আর সেটা করতে হবে দীর্ঘ মেয়াদে।’
আসাদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের উন্নতি হয়েছে, কিন্তু নৈতিক অবক্ষয় বেড়েছে। সত্যিকারের লেখক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে না উঠলে এসব কমবে না।’
হাবীবুল্লাহ সিরাজী জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সজাগ থাকতে হবে, শাসনের ক্ষেত্রে যেন কোনো পক্ষপাত না হয়।’
আসরে উপস্থিত কবিদের মধ্যে বক্তব্য দেওয়ার পাশাপাশি কবিতা পড়েন কাজী রোজী, আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী, অসীম সাহা, মুহম্মদ নূরুল হুদা। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সামাদ। তিনি বলেন, ‘সংস্কৃতিকর্মী ও কবিরা এই জঙ্গিবাদ রুখে দিতে বদ্ধপরিকর। এই কাজে কবিতা পরিষদ মানুষের পাশে দাঁড়াবে।’ আসরে আরও কবিতা পাঠ করেন কাজল বন্দ্যোপাধ্যায়, শরীফা বুলবুল, পিয়াস মজিদ, শাহাদাত হোসেন নিপু প্রমুখ। অসীম সাহার কথা ও সুরে ‘জঙ্গিবাদের এই উত্থান/ রুখবেই কবিতার কোটি প্রাণ’ গানটি গেয়ে শোনায় গানের দল সহজিয়া।