জন আব্রাহামের কারাদণ্ড
বেপরোয়া মোটরসাইকেল চালানোর অপরাধে বলিউডের তারকা জন আব্রাহামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন স্থানীয় এক আদালত। তবে রায় স্থগিত হওয়ায় আপতত তাঁকে কারাগারে যেতে হচ্ছে না।আদালত কারাদণ্ডের সঙ্গে সঙ্গে দেড় হাজার রুপি জরিমানাও করেছেন জন আব্রাহামকে। জরিমানার অর্থের এক হাজার টাকা দেওয়া হবে ক্ষতিগ্রস্তকে। বান্দ্রার অতিরিক্ত মহানগর হাকিম এস ভি কুলকার্নি গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। ২০০৬ সালের এপ্রিল মাসে খার দান্দা রোডে মোটরসাইকেল চালাতে গিয়ে আব্রাহাম একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারেন। এতে দুজন আহত হন। একজন ইতিমধ্যে মারা গেছেন।গতকাল রায় দেওয়ার সময় আব্রাহাম আদালতে উপস্থিত ছিলেন। টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে আরও বলা হয়, আব্রাহামের আইনজীবী সঙ্গে সঙ্গে এ রায়ের বিরুদ্ধে স্থগিত আদেশ চেয়ে উচ্চতর আদালতে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাজার আদেশ এক মাসের জন্য স্থগিত এবং জন আব্রাহামের জামিন মঞ্জুর করেন। ভারতে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে এ দুর্ঘটনার পর জন আব্রাহাম পালিয়ে না গিয়ে আহত ওই দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। ওই দুর্ঘটনায় তিনি নিজেও আহত হন।