জন-বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ থেকে ২০১৩—মাত্র ১০ বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে ভরলেন জন আব্রাহাম। তবে নায়ক হিসেবে নয়, প্রযোজক হিসেবে। গত বছরের আলোচিত ব্যবসাসফল ছবি ভিকি ডোনার প্রযোজনার জন্য জন আব্রাহামের পকেটে গেছে বছরের সেরা বিনোদনমূলক জনপ্রিয় ছবির পুরস্কার। গত সোমবার ঘোষিত এই রায় শোনার পর জন রীতিমতো আবেগে আপ্লুত। তিনি বলেন, ‘প্রযোজক হিসেবে কাজ করব, এমন কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই পাঁচ কোটি রুপি খরচা করে ভিকি ডোনার প্রযোজনা করি। কিন্তু এ ছবিটি যে আমার জন্য এত বড় সম্মান নিয়ে আসবে, কস্মিনকালেও ভাবিনি।’ জনের হাতে এখনো পুরস্কার আসেনি। তবে তার আগেই বড়সড় এক পার্টি দিয়েছেন নিজের খুশি ভাগাভাগি করার জন্য। পাঁচ কোটি রুপি খরচা করে অসংখ্য পুরস্কার, সেই সঙ্গে বক্স অফিস থেকে নগদ ৪৫ কোটি রুপি আয়—জন এখন আহ্লাদে আটখানা। যদিও এ বছর মুক্তি পাওয়া জন-প্রযোজিত অন্য ছবি আই মি ঔর ম্যায় ব্যবসাসফল হয়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এ ছবিতে জন প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে কি জনকে সবাই এখন প্রযোজক হিসেবেই দেখতে চান? নায়ক হিসেবে নন? তেমনটি মনে করেন না জন। তিনি বলেন, ‘এ ছবিটির আগের দুই ছবি, রেইস টু, হাউসফুল টু সুপারহিট ব্যবসা করেছে। জনের যুক্তি ঠিক আছে। কিন্তু ওই ছবি দুটি তো বহু তারকাসমৃদ্ধ। জন একা তো আর টেনে নিয়ে যাননি। সেখানে ছিল হাউসফুল ব্র্যান্ড, অক্ষয় কুমার, আব্বাস মাস্তান এবং রেইস ব্র্যান্ড। ১০ বছর অভিনয় করে জন এখন প্রশংসার পাশাপাশি নিন্দাও কুড়াচ্ছেন। ফারাহ খান পরিচালিত শাহরুখ খান প্রযোজিত হ্যাপি নিউ ইয়ার ছবিতে অভিনয়ের জন্য ফারাহকে এক বছর অপেক্ষা করিয়ে জন সম্প্রতি ‘না’ করে দিয়েছেন। অজুহাত দিয়েছেন, শিডিউল খালি নেই। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, জনের হাতে শুটআউট অ্যাট ওয়াদালা ছাড়া অন্য কোনো ছবি হাতে নেই এবং এ ছবিটির শুটিংও অনেক আগেই শেষ। সামনে শুরু হবে দোস্তানা টু ছবির শুটিং। তার আগ পর্যন্ত জনের অখণ্ড অবসর। মূল কথা, শাহরুখের পাশে শুধু প্রপস হয়ে থাকতে চাননি জন। আর তাই ছবিটি ছেড়ে দেওয়া। এ কারণে খান সাহেব বেজায় চটে যান। কিং খানের মন গলাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে জন জানান, ‘যদি কখনো আমি পরিচালনায় আসি, শাহরুখকে পরিচালনা করতে চাই। তিনি আমার আদর্শ।’ এই মন্তব্য শুনে শাহরুখ শুধুই মৃদু হাসেন। পরিচালক রাম গোপাল ভার্মার সঙ্গেও বাগিবতণ্ডায় জড়িয়েছেন জন। সত্য টু প্রযোজনার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, শুরুতে ভেবেছিলাম সত্য টু, ১৯৯৮-এর সত্য ছবির সিক্যুয়েল। কিন্তু মূল ছবির সঙ্গে সিক্যুয়েলের কোনো মিল-ই নেই। রাম গোপাল এ প্রসঙ্গে বলেন, ‘অখ্যাত অভিনেতা প্রযোজক হলে সবাইকে এভাবেই দুর্ভোগ পোহাতে হয়। তবে সমস্যা নেই, আমি আমার প্রযোজক পেয়ে গেছি।’  রুম্মান রশীদ খানটাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, রেডিফ, ফিল্মফেয়ার, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে