জন-বিপাশার জুটিতে ভাঙনের সুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক দশক বলিউড তারকা জন আব্রাহাম ও বিপাশা বসু চুটিয়ে প্রেম করেছেন। এখন বিয়ের প্রশ্ন যখন আসছে, ঠিক তখনই বেঁকে বসেছেন জন আব্রাহাম। জানা গেছে, বলিউডের আলোচিত এই জুটি সাম্প্রতিক সময়ে একে অপরের বিরক্তির কারণও হয়ে দাঁড়িয়েছেন। মুম্বাই মিরর বলছে, শুধু মতের অমিলের জন্য তাঁরা দুজন ১০ বছরের চমত্কার এ সম্পর্কে ইতি টেনেছেন। জন-বিপাশার বিশ্বস্তসূত্রে জানা গেছে, দুজনেই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন ঠিকই, কিন্তু তাঁদের দেখে কোনো অবস্থাতেই মনে হয় না যে দীর্ঘদিন প্রাক বৈবাহিক সম্পর্কের অবস্থা ছিল। এ ছাড়া আগে যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের সদর্প উপস্থিতি টের পাওয়া যেত, এখন তার ছিটেফোঁটাও নেই। নানা সামাজিক অনুষ্ঠানে তাঁদের দুজনের প্রাণবন্ত উপস্থিতি এখন অনেকটাই অতীত। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি থাকলেও সেটা একসঙ্গে হচ্ছে না। এমনকি সাম্প্রতিক সময়ে দুজনের ঘনিষ্ঠজনদের অনুষ্ঠানেও তাঁদের আলাদা সময়ে পৃথকভাবে উপস্থিত হতে দেখা যাচ্ছে। যা কি না দুজনের সম্পর্কের ভাঙনের ব্যাপারটাকে আরও বেশি পরিষ্কার করে দিচ্ছে। অন্যদিকে দুজনের ঘনিষ্ঠ বন্ধু অভিযোগ করে বলেন, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর বর্তমানে বিপাশা বিয়ের সিদ্ধান্তে আসতে চাচ্ছেন। কিন্তু বিপাশার এ ধরনের সিদ্ধান্তে কোনো অবস্থাতেই জন রাজি নন। আপাতত কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসতে ইচ্ছুক নন। তিনি এও বলেন, এক দশকের সম্পর্কের পর বিপাশার পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব আসাটা স্বাভাবিক। এদিকে আবার জন আব্রাহামের ঘনিষ্ঠ একজন বন্ধু দাবি করছেন, বিপাশার প্রতি জনের ভালোবাসা এখনো আগের মতোই আছে। ভাঙনের যেসব খবর শোনা যাচ্ছে, সেটা সত্য নয়। তিনি বলেন, ‘আমরা বরং বিপাশার মুখপাত্রের মাধ্যমে তাঁর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তাঁর মুখপাত্র আমাদের এও জানিয়েছেন, আমরা যেন আর বিপাশার সঙ্গে যোগাযোগ না করি।’