জন-বিপাশার বিচ্ছেদের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন বহুল আলোচিত বলিউডের তারকা জুটি জন আব্রাহাম এবং বিপাশা বাসু। এই বিচ্ছেদের জন্য জনের ওপরই সব দায় চাপান বিপাশা। অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি না করে চুপ থাকেন জন। তিনি চুপ থাকলেও তাঁদের বিচ্ছেদের অজানা কিছু তথ্য সম্প্রতি ফাঁস করলেন জনের কাছের এক বন্ধু। একটা সময় বলিউডের অন্যতম সফল তারকা প্রেমিক যুগল হিসেবে উচ্চারিত হয়েছে জন-বিপাশার নাম। বেশ কয়েক বছর এক ছাদের নিচে থেকেছেন তাঁরা। কিন্তু চমত্কার সেই জুটির বিচ্ছেদের খবরে তোলপাড় উঠেছিল বলিউডে। তাঁদের বিচ্ছেদের প্রথম ঘোষণা আসে বিপাশার কাছ থেকেই। বিচ্ছেদের কারণ সম্পর্কে তিনি জানিয়েছিলেন, ব্যাংকার প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রেমে জড়িয়ে জন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু বিপাশার এ অভিযোগ সত্য নয় বলেই সম্প্রতি দাবি করেছেন জনের বন্ধু। জানিয়েছে ‘জিনিউজ ব্যুরো’। এ প্রসঙ্গে জনের ওই বন্ধুর ভাষ্য, সবাই জানেন, টানা নয় বছর প্রেম করেছেন জন-বিপাশা। কিন্তু জনসমক্ষে ঘোষণা আসার অনেক আগেই তাঁদের বিচ্ছেদ ঘটেছিল। বেশ কয়েক বছর ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। একাধিকবার তাঁরা সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করলেও, আবার মিটমাট করে ফেলেছেন। এভাবে জোড়াতালি দিয়ে সম্পর্ক টিকিয়ে না রেখে শেষ অবধি চূড়ান্ত বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। বেছে নেন যে যাঁর পথ। ২০১০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় ‘সিঙ্গুলারিটি’ ছবির শুটিং শুরু হয়েছিল। ছবিটিতে বিপাশার সঙ্গে অভিনয় করেন হলিউডের অভিনেতা জশ হার্নেট। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের অন্তরঙ্গতার খবর বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়। অন্যদিকে, একই বছরের ডিসেম্বরে প্রিয়ার সঙ্গে পরিচয় হয় জনের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জন-প্রিয়ার প্রেমের খবর প্রকাশিত হওয়ার পরপরই বিচ্ছেদের খবর ফাঁস করেন বিপাশা। জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন তিনি। আর এ ক্ষেত্রে হাতিয়ার হিসেবে তিনি ব্যবহার করেন মিডিয়াকে। বিপাশার কাছ থেকে এমন অপ্রত্যাশিত আচরণ পাওয়ার পর মুষড়ে পড়েন জন। তিনি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেলেও, ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে কথা না বলার সিদ্ধান্ত নেন। বিপাশা বিচ্ছেদের জন্য জনকে দায়ী করে উচ্চবাচ্য করলেও চুপ থাকেন জন। তবে বিষয়টিকে তিনি মোটেও সহজভাবে নেননি। মনে কষ্ট পেলেও, অতীত আঁকড়ে না থেকে জীবনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জন। অন্যদিকে, বিপাশার ক্ষেত্রেও একই রকম প্রত্যাশা থাকে তাঁর।