জন বিয়ে করবেন, তবে...!
প্রেমিকা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করবেন বলেই জানিয়েছেন ‘দেশি বয়েজ’খ্যাত বলিউডের অভিনেতা জন অ্যাব্রাহাম। তবে সে বিয়ে তিনি করবেন আরও দুই বছর পর।২০১১ সালে বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে নয় বছরের প্রেমের ইতি টানার পর ব্যাংকার প্রিয়া রাঞ্চালের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জনের। প্রিয়াকে বিয়ে করতে যাচ্ছেন জন—এমন খবরও রটেছে। তবে বিপাশার সঙ্গে বিচ্ছেদের পর তিনি ব্যক্তিগত জীবনের কথা জনসমক্ষে প্রকাশ করা থেকে যতটা সম্ভব দূরে থেকেছেন। সম্প্রতি হঠাত্ করেই সেই অবস্থান থেকে সরে এসেছেন জন। খোলামেলা কথা বলেছেন প্রেমিকা সম্পর্কে। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। প্রিয়াকে বিয়ে করার পরিকল্পনা সম্পর্কে জন জানান, বর্তমানে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছেন প্রিয়া। এ জন্য এখনই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা তাঁদের নেই। প্রিয়ার পড়ালেখার পাট চুকতে আরও দুই বছর সময় লাগবে। তার পরই তাঁরা বিয়ে করবেন বলে নিশ্চিত করেছেন জন। প্রিয়ার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাত্ সম্পর্কেও মুখ খুলেছেন জন। ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়ায় চাকরি করতে ভারতে এসেছিলেন যুক্তরাষ্ট্র-প্রবাসী প্রিয়া। জন যে জিমে যেতেন, সেখানে প্রিয়াও আসতেন শরীরচর্চা করতে। ২০১০ সালের ডিসেম্বরে প্রিয়ার সঙ্গে জনের প্রথম সাক্ষাত্ সেখানেই। প্রেমিকার অনেক প্রশংসাও করলেন জন। প্রিয়া সম্পর্কে তাঁর মন্তব্য, ‘প্রিয়া অনেক গোছানো এবং পরিণত একজন মেয়ে। আমরা একে-অপরকে অনেক শ্রদ্ধা করি।’