জন বিয়ে করেছেন, করেননি!

শার্লক হোমসকে ডাক দেওয়া ছাড়া উপায় নেই। জন এব্রাহাম আসলেই বিয়ে করছেন কি না, এ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে। যেন জমাটি এক রহস্য। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রেমিকাকে ‘প্রিয়া এব্রাহাম’ নামে পরিচয় দিয়ে গুঞ্জনটা উসকে দিয়েছিলেন জনই। তাঁর বাবাও স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন এই বলিউড তারকা।
কিন্তু এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি জন। যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য বিয়ে করা কি না, এমন প্রশ্ন করলে জন সেটিও এড়িয়ে গেছেন এই বলে, ‘প্রিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এর বাইরে এখন কিছু বলতে পারছি না।’
বিয়ে নিয়ে কেন লুকোছাপা করছেন, সেটি পরিষ্কার নয়। কেউ কেউ বলছেন, প্রিয়া সন্তানসম্ভবা। এ কারণেই হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। আর বিষয়টি নিয়ে মিডিয়ায় শোরগোল যেন না হয়, সে জন্যই জন কুলুপ এঁটে বসে আছেন। জি নিউজ, মুম্বাই মিরর ও পিটিআই।