জন বেলিয়নের ছক্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন বেলিয়ন
জন বেলিয়ন

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে কী হয়? বেশ কয়েক দিন হৃদয়ে রক্তক্ষরণ, নির্ঘুম রাত, দিন-রাত পুরোনো দিনের স্মৃতিচারণ, টানা মন ভাঙার গান বাজিয়ে যাওয়া…এই তো! গুণীজনেরা বলেন, সম্পর্ক ভাঙার পর প্রথম সাত দিন হচ্ছে শোকের সময়, আর তার মধ্যে সবচেয়ে কষ্টের হচ্ছে প্রথম তিন দিন! সেই তিন দিনের দুঃখ-ব্যথা-অভিমান নিয়েই গান বেঁধেছেন মার্কিন সংগীতশিল্পী জন বেলিয়ন, গানের নাম ‘অল টাইম লো’। গানটি রিলিজ পেয়েছিল গেল বছরের এই সময়, মানে ঠিক ঠিক এক বছর আগে। তাহলে এত দিন বাদে এই গান নিয়ে কথা হচ্ছে কেন, তাই বুঝি ভাবছেন? এই কয়েক দিন আগেই এই গানটি অস্ট্রেলিয়ায় পেয়েছে ডাবল প্লাটিনাম সার্টিফিকেটের সম্মান। অর্থাৎ খোদ অস্ট্রেলিয়ায়ই বিক্রি হয়েছে এই গানের ১ লাখ ৪০ হাজার কপি!
জোনাথন ডেভিড জন বেলিয়ন নামটাকে কাটছাঁট করে বানিয়ে নিয়েছেন জন বেলিয়ন। জন্ম আর বেড়ে ওঠা সবই যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে। ছোটবেলায় শখ ছিল দুটো, বাস্কেটবল আর গান। কিন্তু ভবিষ্যতের জন্য বেছে নেবেন কোনটা, গান না বাস্কেটবল, সেটা নিয়ে বেশ ভালো গ্যাঁড়াকলেই পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রাণ বেঁধেছেন গানের সঙ্গেই! কেন জানেন? কৈশোরে জন বেলিয়ন একবার তাঁর ইংরেজ বোনের সঙ্গে দেখা করতে কর্নওয়েলে গিয়েছিলেন। সেখানে তার অন্যতম প্রিয় কাজ ছিল সৈকতে গিয়ে বসে থাকা। সেই সৈকতে বসে থাকার অলস সময়েই তাঁর পরিচয় হয় কেনিয়া ওয়েস্টের গানের সঙ্গে। সেই পরিচয়ই তাঁকে অনুপ্রাণিত করেছে গানকে বাকি জীবনের সঙ্গী করতে। শুধু কেনিয়া ওয়েস্টের থেকেই নয়, তিনি আরও অনুপ্রাণিত হয়েছেন এমিনেম, ফ্যারেল উইলিয়ামস, কোল্ড প্লে, জন মেয়ারের গান শুনে।
জন বেলিয়নের গানের সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের গানের শতভাগ কাজ তিনি নিজেই করেন। মানে গান লেখা, সুর করা, সংগীতায়োজন সবকিছুই। অন্যান্য বেশির ভাগ শিল্পী যেখানে শুধু নিজের জন্য গান লেখেন, অন্যদের জন্য না, সেখানেও জন বেলিয়ন একদম আলাদা। শুধু নিজের জন্য না, তিনি অন্যান্য সংগীতশিল্পীর জন্যও গান লেখেন। ২০১৩ সালে এমিনেম আর রিয়ানার ‘দ্য মনস্টার’ গানের কোরাস অংশটুকু লিখেছিলেন তিনি। ২০১৫ সালে এই গানটি জিতেছিল গ্র্যামি অ্যাওয়ার্ড। গত বছর জন বেলিয়ন রিলিজ করেছেন তার প্রথম একক অ্যালবাম দ্য হিউম্যান কন্ডিশন। এই অ্যালবাম নিয়েও আছে মজার গল্প! ছোটবেলায় ডিজনি আর পিক্সারের অসম্ভব ভক্ত ছিলেন তিনি। শুধু ছোটবেলায় না, এখনো তিনি ভক্ত তাঁদের। তাই তাঁর সারা জীবনের স্বপ্ন পিক্সার অথবা ডিজনির কোনো ছবির জন্য সাউন্ডট্র্যাক করা। তাঁর একক অ্যালবামের পেছনে উদ্দেশ্য ছিল সেটিই। তাঁর ভাষায়, এই অ্যালবামটি তাঁর ‘গ্রেট প্ল্যান’ পিক্সার স্টুডিওর চোখে পড়ার জন্য। সেই স্বপ্নও সত্যি হতে চলেছে খুব শিগগির!
এখনো তিনি গান করেন তাঁর ছোটবেলার বন্ধুদের সঙ্গেই, ৭-৮ বছর আগে যাদের সঙ্গে গানের জগতে তাঁর পথচলা শুরু হয়েছিল। থাকেনও সবাই একসঙ্গে, বাবা-মায়ের বাড়ির বেসমেন্টে। সামনে তাঁর লক্ষ্যটাও একদম পরিষ্কার, গান নিয়েই এগিয়ে যেতে চান তিনি বহু দূর।
নাজিয়া শারমিন
এমটিভি ইউকে, উইকিপিডিয়া, দ্য একুইরিয়ান অবলম্বনে