
আলো-আঁধারের খেলা চলছে, এমন কক্ষে বসে একজন পিয়ানো বাজিয়ে গান করছেন। ওই সময় তাঁর মনে পড়ছে প্রিয় মানুষটির সঙ্গে আবেগঘন মুহূর্তগুলো। খুব দরদ দিয়ে গাওয়া এই গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে গত বছর ২ অক্টোবর প্রকাশ করা হয়। এখন পর্যন্ত তা ২৩ কোটিবার দেখা হয়েছে! গানটি জন লিজেন্ডের ‘অল অব মি’। বিলবোর্ড ম্যাগাজিনের শীর্ষ তালিকাগুলোর মধ্যে অ্যাডাল্ট কন্টেম্পারারি বিভাগের পঞ্চম স্থানে আছে গানটি। ‘অল অব মি’ গানটি ৩৫ সপ্তাহ ধরে আছে এই তালিকায়।
‘অল অব মি’ গানটি জন লিজেন্ড উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী ক্রিসিকে। এই গানের মিউজিক ভিডিওতে তাঁদের বিয়ের আগের এবং বিয়ের দৃশ্য সংযোজন করা হয়েছে। সাদাকালো মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাবিল এল্ডারকিন।
জন রজার স্টিফেন্সের জন্ম ১৯৭৮ সালের ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে। তিনি অবশ্য পরবর্তী সময়ে জন লিজেন্ড নামেই পরিচিতি পেয়েছেন। সাত বছর বয়স থেকেই তাঁর পিয়ানো বাজানো শুরু। তারও আগে মাত্র চার বছর বয়সে গির্জায় দলগতভাবে ধর্মীয় গানে কণ্ঠ মেলানোর মধ্য দিয়ে শুরু তাঁর সংগীতজীবনের।
তাঁর জন্মস্থান ছিল ওহাইওর স্প্রিংফিল্ড। সেখানে নর্থ হাই স্কুল থেকে ১৬ বছর বয়সে তিনি দ্বিতীয় সর্বোচ্চ নম্বর নিয়ে পাস করেন। এর ফলে জর্জটাউন বিশ্ববিদ্যালয় ও মোরহাউজ কলেজ থেকে তাঁকে বৃত্তি প্রদান করা হয়, এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাঁকে ভর্তি হওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু সেখানে ভর্তি না হয়ে তিনি যান ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায়।
ইংরেজি সাহিত্যের ওপর ১৯৯৯ সালে পড়াশোনা শেষ করার পর জন লিজেন্ড তাঁর সংগীত সাধনার প্রতি পুরোপুরি মন দেন। ২০০০ সালে তিনি নিজের প্রযোজনায় নিজের নামেই ডেমো অ্যালবাম প্রস্তুত করেন। যেখানেই গান করতেন, সেখানেই বিক্রি করতেন এই অ্যালবাম।
জন লিজেন্ডের প্রথম স্টুডিও অ্যালবাম গেট লিফটেড বাজারে আসে ২০০৪ সালে। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অ্যালবামটি বিলবোর্ড ২০০ শীর্ষ তালিকায় ১৩ নম্বর স্থানটি নিয়ে যাত্রা শুরু করে। ২০০৬ সালে ‘সেরা আরএনবি অ্যালবাম’ বিভাগে গ্র্যামি জেতে অ্যালবামটি। এ ছাড়া ‘সেরা নতুন শিল্পী’ ও ‘সেরা আরএনবি পরিবেশক গায়ক’ বিভাগেও ওই বছর তিনি গ্র্যামি জেতেন। এখন পর্যন্ত তাঁর চারটি অ্যালবাম বের হয়েছে।
গত দশ বছরের মধ্যেই এই শিল্পী নয়টি গ্র্যামি পেয়েছেন।
বিলবোর্ড অবলম্বনে