জন লেননের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৮ সালে বিটলস তারকা জন লেননের কাছে বিশ্বভ্রমণের জন্য অর্থসাহায্য চেয়ে চিঠি লিখেছিলেন ভারতের দরিদ্র একজন কেরানি। এর জবাবে পাঠানো চিঠিতে তাঁকে ইচ্ছা পূরণের জন্য উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন লেনন। এটিসহ লেননের লেখা বেশ কয়েকটি চিঠি নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দ্য জন লেনন লেটারস’ শিরোনামে একটি বই। বুল্লা নামের ওই কেরানি লেননকে লিখেছিলেন, সম্পদের পাহাড়ের ওপর বসে আছেন জন লেনন। সেখান থেকে সামান্য একটি অংশ যদি বুল্লাকে দেওয়া হয়, তবে বিশ্বটা ঘুরে দেখতে পারেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। চিঠির জবাবে বুল্লাকে উদ্দেশ করে লেনন লেখেন, ‘মিস্টার বুল্লা, চিঠির জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো এমন অনুরোধ যদি সবাই করেন এবং তা যদি রাখা হয়, তাহলে কিন্তু আপনি যে সম্পদের পাহাড়ের কথা বলছেন, তার অস্তিত্ব থাকবে না।’লেনন তাঁর চিঠিতে আরও লেখেন, ‘একজন দরিদ্র কেরানির পক্ষেও বিশ্বভ্রমণে যাওয়া সম্ভব। অনেক দরিদ্র মানুষই এটা করেছেন। আমার দরিদ্র কয়েকজন বন্ধুকে আমি বিশ্বভ্রমণে যেতে দেখেছি। এ জন্য মনের ইচ্ছাই যথেষ্ট। ইচ্ছা পূরণের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো উদ্যোগ। আপনার প্রতি অনেক ভালোবাসা রইল।’ তিন দশকের বেশি সময় ধরে লেননের এই চিঠি আড়ালেই পড়ে ছিল। অবশেষে ২০০১ সালে চিঠিটি ১০ হাজার ডলারে বিক্রি করেন বুল্লার পরিবারের সদস্যরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিঠিটি আবারও বিক্রি হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এবার চিঠিটি বিকিয়েছে ১৭ হাজার ডলারের বেশি দামে।