জননী বৃত্তান্ত: মায়ের প্রতি ভালোবাসার পঙক্তিমালা
‘অবধান করো সবে, করো অবধান/ মাতৃমঙ্গল কথা করিব বয়ান/ নহি কোন ভূস্বামীর আজ্ঞাবহ দাস/ আমৃত্যু মাতৃসত্যে রয়েছে বিশ্বাস’... ‘জননী বৃত্তান্ত’ শুরু হয়েছিল পুঁথিপাঠের ঢঙে এই আবৃত্তি দিয়ে। তারপর মায়ের প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসা স্পন্দিত হয়েছিল অজস্র পঙক্তির উচ্চারণে।গতকাল শুক্রবার স্রোত আবৃত্তি সংসদ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করে ‘জননী বৃত্তান্ত’ নামে মাকে নিয়ে এই বিশেষ আবৃত্তিসন্ধ্যার। মাকে নিয়ে বিভিন্ন কবির ১৪টি কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। শুরুতেই ছিল মিহির মুসাকীর ‘মাতৃমঙ্গল’ কবিতাটি। এরপর আসাদ মান্নানের ‘এলিজি মায়ের জন্যে’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনে পড়া’, আসাদ চৌধুরীর ‘জননী বৃত্তান্ত’, শুভদাশ গুপ্তের ‘রাত বেড়েছে। কতটা রাত?’, ‘সাবান দানি’, ‘জন্মদিন’, ‘আমার বুবান’, ‘সমাধান’, ‘অসতো মা’, ‘চন্দনগাছ’ এবং হুমায়ুন আজাদের ‘গোলামের গর্ভধারিণী’ ও ‘আমাদের মা’ আবৃত্তি করেন শিল্পীরা।আলো-আঁধারির মঞ্চে বসা ছয় আবৃত্তিশিল্পীর প্রতিটি কবিতা আবৃত্তির সময় পরিবর্তিত হতে থাকে পেছনে মঞ্চের চিত্র। সেখানে ভেসে ওঠে মা ও সন্তানের ছবি, প্রৌঢ় মায়ের মুখ, অসুস্থ মা, মায়ের বুকে আগলে রাখা সন্তানসহ নানা দৃশ্য।নাজমুল আহসানের নির্দেশনায় আবৃত্তিতে অংশ নেন ফখরুল ইসলাম, কাজী অয়ন, গাজী শারমিন আক্তার, নাজমুল আহসান, মুক্তা সাহা, নাজিরুল ইসলাম ও ফারজানা শারমীন।মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ অশেষ। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্রোত আবৃত্তি সংসদ জননী বৃত্তান্ত উৎসর্গ করেছে তাদের প্রতি। প্রতিটি কবিতার সঙ্গে নেপথ্যের সুর ও শিল্পীদের আন্তরিকতা সেই নিবেদনকে করেছিল মহিমান্বিত।হুমায়ুন আজাদ কবিতা পুরস্কার প্রদান ‘হুমায়ুন আজাদ কবিতা পুরস্কার’-এর প্রবর্তন করলেন কবিকন্যা মৌলি আজাদ। গতকাল জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। প্রথমবারের মতো এই পুরস্কার পেলেন তরুণ কবি কুমার চক্রবর্তী। গতকাল সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কবি অসীম সাহা, অধ্যাপক রফিকউল্লাহ খান, আগামী প্রকাশনীর ওসমান গণি ও কবিকন্যা মৌলি আজাদ। কবীর চৌধুরী বলেন, বড় মাপের লেখক না হলে কেউ প্রচলিত ধারার বাইরে গিয়ে সাহিত্য সৃষ্টি করতে পারে না। হুমায়ুন আজাদ সেই বড় মাপের লেখকদের একজন। তাঁর নামে পুরস্কার প্রবর্তন করে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে। মৌলি আজাদ বলেন, এই পুরস্কার একদিকে যেমন হুমায়ুন আজাদের স্মৃতিকে বহন করবে, তেমনি তরুণ কবিদেরও কাব্যচর্চায় প্রেরণা জোগাবে। প্রতিবছর তরুণ কবিদের এই পুরস্কারে ভূষিত করার ইচ্ছে আছে বলেও তিনি জানান।শাহীন সামাদের গানস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদের একক সংগীতানুষ্ঠান হলো গতকাল গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। শিল্পী ২০টির মতো নজরুলসংগীত পরিবেশন করেন। কবির জনপ্রিয় প্রেমের গানগুলো ছাড়াও ইসলামি গান ও কীর্তন পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। শাহীন সামাদের গাওয়া গানগুলোর মধ্যে ছিল: খোলো গো আঁখি, বউ কথা কউ, উচাটন মন ঘরে রয় না, আমার হাতে কালি মুখে কালি, আজি নিশীথে অভিসার, বাগিচায় বুলবুলি তুই, বসিয়া বিজনে, মুসাফির মুছ রে আঁখিজল, সখি বল বঁধুয়ারে, যদি ফিরিয়া দেখা হয় সহসা, সাজাইয়া রাখ লো পুষ্পবাসর, ভুলি কেমনে প্রভৃতি।মোহাম্মদ ইকবালের প্রদর্শনীগতকাল থেকে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’ নামে শিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রকর্ম প্রদর্শনী।প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। কবি রবিউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।প্রদর্শনীতে শিল্পীর সম্প্রতি আঁকা তেলরঙের ৩০টি চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। সিলেটে নিবেদিতা পার্থসারথীর ভরতনাট্যমসিলেট প্রতিনিধি জানান, সিলেটে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হলো ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী নিবেদিতা পার্থসারথীর ভরতনাট্যম নাচের অনুষ্ঠান। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটোরিয়ামে এ নাচের অনুষ্ঠান হয়। ‘পুষ্পাঞ্জলি’ শিরোনামের নৃত্যের মধ্য দিয়ে রাত আটটায় শুরু হয় অনুষ্ঠান। এরপর নৃত্যশিল্পী একে একে পরিবেশন করেন ‘কালী’, ‘প্রভু শ্রীকৃষ্ণ’, ‘বার্নাম’, ‘ললিত লবঙ্গ’সহ কয়েকটি নৃত্য। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। বগুড়ায় লাক্স-চ্যানেল আই সুপারস্টার অডিশননিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়ায় আয়োজিত লাক্স চ্যানেল-আই সুপারস্টার ২০১০ প্রতিযোগিতার অডিশনে মেধা ও সৌন্দর্যে লড়াইয়ে ইয়েস কার্ড পেয়েছেন ১০ জন। গতকাল হোটেল নাজ গার্ডেনে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ প্রতিযোগিতায় বগুড়া রিজিওনাল অডিশনে ওরা বিজয়ের হাসি হাসল। বগুড়া অঞ্চলের বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট—এই ১০ জেলার প্রতিযোগিতায় ৪৭৫ জন অংশগ্রহণ করেন। বিচারক ছিলেন শিহাব শাহিন, দীপা খন্দকার, ফারহানা মিঠু ও তুষার খান। সকাল ১০টা থেকে হোটেল নাজ গার্ডেনে সুইমিং গ্রাউন্ডের পাশে এই প্রতিযোগিতা শুরু হয়। সকাল থেকে উৎসুক প্রতিযোগীদের পাশাপাশি দর্শকও ভিড় জমায়।উদীচীর ঢাকা মহানগর সম্মেলন ‘সংস্কৃতির সুষ্ঠু চর্চার মধ্য দিয়েই সাম্প্রদায়িক মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একে সমাজবদলের হাতিয়ার করে তুলতে হবে।’গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উদীচীর ঢাকা মহানগর শাখার অষ্টম সম্মেলনের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। একই সঙ্গে আগামী স্বাধীনতা দিবসের আগে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা। ‘শোষকের তাঁবেদার যুদ্ধাপরাধী, তাদের শাস্তি জনতার দাবি’ স্লোগান সামনে রেখে দুই দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজং বিদ্রোহের বীর যোদ্ধা কুমুদিনী হাজং।এরপর উদীচীর শিল্পীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে টিএসসি থেকে শহীদ মিনার ঘুরে আসেন। পরে ছিল আলোচনা সভা। অধ্যাপক কাজী মদিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সাধারণ সম্পাদক হাবিবুল আলম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী প্রমুখ।সভায় আনু মুহাম্মদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা শোষণমুক্তির আশা করলেও তা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে স্বাধীনতার ৪০ বছর পরও আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল-সমাবেশ করতে হচ্ছে।’লেনিন চৌধুরী বলেন, দেশের ভাষা ও সংস্কৃতির ওপর যতবারই আঘাত এসেছে, সাংস্কৃতিক কর্মীরা ততবারই সোচ্চার হয়েছেন। বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনের বন্ধ্যত্ব কাটিয়ে জাতীয় সংস্কৃতি ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সম্মেলনে উদীচীর ঢাকা মহানগরের ১১টি শাখার শিল্পীরা অংশ নেন। দিনব্যাপী তাঁদের প্রাণবন্ত অনুষ্ঠানে টিএসসির প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।